ইরানের ড্রোন হেডকোয়ার্টারে হামলার দাবি ইসরায়েলের
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানে আবার এক দফা বিমান হামলা চালিয়েছে, যার অংশ হিসেবে দেশটির একটি ড্রোন হেডকোর্টার লক্ষ্যবস্তু করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে, তাদের বিমানবাহিনী ইরানের বিভিন্ন স্থানে সরকারে নিয়ন্ত্রণাধীন ডজনখানেক স্থাপনায় হামলা চালিয়েছে। এর মধ্যে ইসলামি বিপ্লবী রক্ষীবাহিনীর একটি ড্রোন হেডকোয়ার্টারও ছিল।
আইডিএফের দাবি অনুযায়ী, ওই স্থাপনাটি থেকে আগে ইসরায়েলের দিকে ড্রোন পাঠানো হয়েছিল এবং আরো কিছু ড্রোন সেখান থেকে উৎক্ষেপণের জন্য প্রস্তুত রাখা ছিল।
তারা আরো জানায়, হামলায় একাধিক ড্রোন সংরক্ষণাগার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।
ইরানে ইসরায়েলের টানা ১০ দিনের হামলায় বহু স্থাপনা ধ্বংস হয়েছে, যার মধ্যে বেসামরিক স্থাপনাও রয়েছে। তেহরানজুড়ে এখন শুধু ধ্বংসের চিহ্ন। তবে পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান।
ইসরায়েলের সামরিক স্থাপনা, ঘাঁটিতে হামলার পাশাপাশি ইরান নরিজবিহীনভাবে আরব দেশগুলোতে মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে। এই যুদ্ধে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, লেবাননও জড়িয়ে গেছে। এসব দেশ ইরানে হামলা না করলেও ইরান থেকে ছোড়া ড্রোন, ক্ষেপণাস্ত্র মোকাবিলা করতে হচ্ছে তাদের। পরিস্থিতি ক্রমেই আরো বিপর্যয়কর হয়ে উঠছে।
মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া যুদ্ধের আঁচ লাগতে শুরু করেছে পুরো ইউরোপে। বাড়ছে জ্বালানির দাম, সেই সঙ্গে মূল্যস্ফীতিও লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে।
ঢাকা/রাসেল