ঢাকা     সোমবার   ১৬ মার্চ ২০২৬ ||  চৈত্র ৩ ১৪৩২ || ২৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ইরানে আবারো স্কুলে মার্কিন-ইসরায়েলি হামলা

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৯, ১৬ মার্চ ২০২৬   আপডেট: ১৪:২৪, ১৬ মার্চ ২০২৬
ইরানে আবারো স্কুলে মার্কিন-ইসরায়েলি হামলা

ইরানে আবারো একটি স্কুলে বোমা হামলা চালিয়েছে মার্কিন-ইসরায়েলি বাহিনী। ইরানি বার্তা সংস্থা ফারস নিউজ স্থানীয় সময় সোমবার (১৬ মার্চ) ভোরে মারকাজি প্রদেশের শহীদ খোমেইন বয়েজ স্কুলে হামলার খবর প্রকাশ করে। 

ফারস নিউজ বেশ কিছু ছবি প্রকাশ করেছে, যেখানে একটি ভবনের ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখা গেছে।

আরো পড়ুন:

পরবর্তীতে, মেহের নিউজ ইরানের মারকাজি প্রদেশের একজন ডেপুটি গভর্নরকে উদ্ধৃত করে জানায়, খোমেইন শহরের একটি স্কুলে হামলা হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশের বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলার শুরুর দিকে দক্ষিণ ইরানের একটি বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ওই হামলায় অন্তত ১৭০ জন নিহত হয়েছিল। নিহতদের বেশিরভাগই ছিল স্কুলছাত্রী। প্রাথমিক তদন্তে স্কুলটি মার্কিন ক্ষেপণাস্ত্রে আঘাতপ্রাপ্ত হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।

মেহের নিউজের তথ্য অনুযায়ী, সোমবার মারকাজি প্রদেশে মার্কিন-ইসরায়েলি বাহিনীর পৃথক আরেকটি হামলায় অন্তত পাঁচজন নিহত এবং আরও সাতজন আহত হয়েছেন।

মারকাজি প্রদেশের একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, আরাক শহরের আশেপাশের একটি আবাসিক এলাকায় প্রথম হামলাটি চালানো হয়, এতে অন্তত চারজন নিহত হন। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

মারকাজি প্রদেশের মহল্লাত শহরের একটি আবাসিক ভবনে দ্বিতীয় হামলাটি আঘাত হানে। এতে একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন।

ভয়েস অব আমেরিকার (ফার্সি বিভাগের) প্রতিবেদন বলছে, সোমবার মার্কিন যুদ্ধবিমানগুলো ইরানের চাবাহার মুক্ত বাণিজ্য অঞ্চলের কাছের একটি পাহাড়ে অবস্থিত সামরিক স্থাপনাতেও হামলা চালিয়েছে। ওই এলাকার পেছন থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে প্রতিবেদনে জানানো হয়। 

গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে। তীব্র বোমাবর্ষণের কারণে ইতিমধ্যে ৩০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া অন্তত ১ হাজার ৫০০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

সর্বশেষ

পাঠকপ্রিয়