ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করতে পারে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র সমুদ্রে থাকা ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করতে পারে। বৃহস্পতিবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স বিজনেসকে এ তথ্য জানিয়েছেন।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন বন্ধ করে দিয়েছে তেহরান। এর ফলে মধ্যপ্রাচ্যের তেল আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে পারছে না। ফলশ্রুতিতে বিশ্ববাজারে তেলের দাম প্রতিদিনই বাড়ছে।
বেসেন্ট জানিয়েছেন, ওয়াশিংটন বিশ্বব্যাপী সরবরাহ স্থিতিশীল করতে চাইছে।
তিনি আরো জানান, যুক্তরাষ্ট্র একতরফাভাবে তেলের মজুদও ছাড়তে পারে।
বেসেন্ট চলতি সপ্তাহের শুরুতে জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের জ্ঞাতসারেই ইরানি তেল ট্যাঙ্কারগুলো ইতোমধ্যে হরমুজ প্রণালী ছেড়ে যাচ্ছে এবং বিশ্ব বাজারে তেল সরবরাহে সহায়তা করছে।
ঢাকা/শাহেদ