রাজধানীতে বাস সংকট, ২০ টাকার ভাড়া ৫০ টাকা আদায়
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
রাজধানীতে আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে যাত্রী পরিবহনে বিশৃঙ্খলা ও অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। যাত্রীদের অভিযোগ, স্বাভাবিক সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি ভাড়া আদায় করা হচ্ছে বিভিন্ন রুটে চলাচলকারী বাসগুলোতে। এতে করে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পরিবহন সংকটকে পুঁজি করে অনেক বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। আজিমপুর থেকে গাবতলী রুটে যেখানে স্বাভাবিক ভাড়া ২০ টাকা, সেখানে যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ৫০ টাকা। একইভাবে সাইনবোর্ড থেকে শ্যামলী রুটে ৫০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ৮০ টাকা পর্যন্ত।
যাত্রী নয়ন জানান, তিনি সাইনবোর্ড থেকে শ্যামলী যাওয়ার সময় তার কাছ থেকে ৮০ টাকা ভাড়া নেওয়া হয়েছে। প্রতিবাদ করলে বাসের স্টাফরা বলেন, “উঠলে উঠেন, না হলে নেমে যান।” বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে যাত্রা করতে হয়েছে।
সিরাজুল ইসলাম নামে আরেক যাত্রী জানান, তিনি নবীনগর যাওয়ার সময় নির্ধারিত ভাড়ার চেয়ে ৫০ টাকা বেশি দিয়েছেন। একই অভিযোগ করেন মাহিন নামের এক যাত্রী। যিনি আজিমপুর থেকে গাবতলী যাওয়ার জন্য ২০ টাকার পরিবর্তে ৫০ টাকা দেন।
আরিফুল ইসলাম জানান, সাইনবোর্ড থেকে নবীনগর যাওয়ার পথে তার কাছ থেকেও ৩০ টাকা বেশি নেওয়া হয়েছে। শুধু অতিরিক্ত ভাড়া নয়, সঠিক ভাড়া দিতে চাইলে অনেক ক্ষেত্রে যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
ঠিকানা পরিবহনের এক নারী যাত্রী বৃষ্টি অভিযোগ করেন, ভাড়া নিয়ে কথা বলায় বাস স্টাফরা তার সঙ্গে খারাপ আচরণ করেন। তিনি বলেন, “আমার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করা হয়েছে। প্রায় গায়ে হাত তোলার মতো পরিস্থিতি হয়েছিল।”
যাত্রীদের অভিযোগ, শুধু একটি বা দুটি পরিবহন নয়, রাজধানীর অধিকাংশ রুটেই একই চিত্র দেখা যাচ্ছে। ঈদকে কেন্দ্র করে পরিবহন সংখ্যা কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযোগ জানাতে বিআরটিএ অভিযোগ কেন্দ্র ১৬১০৭ কল দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি বাড়ানো জরুরি বলে মনে করছেন ভুক্তভোগীরা। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে সাধারণ মানুষ স্বাভাবিক ভাড়ায় নিরাপদে যাতায়াত করতে পারে।
ঢাকা/আলী/বকুল