নন্দীগ্রামে বড় ব্যবধানে এগিয়ে শুভেন্দু, পিছিয়ে ভবানীপুরে
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। নন্দীগ্রাম এবং ভবানীপুর- দুই আসনেই প্রার্থী বিরোধীদলীয় বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।
ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, ১৮টি রাউন্ডে ভোট গণনা হবে। দুপুর ১টা পর্যন্ত ৬টি রাউন্ডে গণনা হয়েছে। ৬টি রাউন্ড গণনা শেষে নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু ৮ হাজার ৭০২ ভোটে এগিয়ে আছেন। তারপরেই রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী পবিত্র কর।
টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, পূর্ব মেদিনীপুরের অন্যতম ‘হাইভোল্টেজ’ আসন নন্দীগ্রামে শুরু থেকেই সবার মনোযোগর কেন্দ্রে ছিল। এই আসনে শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস প্রার্থী করে বিজেপি থেকে আসা পবিত্র করকে। নন্দীগ্রামে তৃণমূল প্রার্থীকে অনায়াসে হারাবেন বলে দাবি করেছেন শুভেন্দু। যদিও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আসনে দলের জয়ের ব্যাপারে আশাবাদী।
অন্যদিকে, ভবানীপুর আসন থেকেও এবার লড়ছেন শুভেন্দু। এই কেন্দ্রে নবম রাউন্ড গণনার শেষে ১৩ হাজার ৮৪২টি ভোটে এগিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (মোট ভোট ৩৮ হাজার ৩২৮টি)। এরপরে বিজেপির শুভেন্দু পেয়েছেন ২৪ হাজার ৪৮৬টি ভোট।
পশ্চিমবঙ্গে এবার বিজেপি সরকার গঠন করবে বলে দাবি শুভেন্দুর। ভারতীয় দুপুর তিনটা পর্যন্ত গণনা করা ভোটের প্রবণতা অনুযায়ী, বিজেপির এগিয়ে থাকা আসনসংখ্যা ১৯৫। অন্যদিকে, রাজ্যের বর্তমান ক্ষমতাসীন দল তৃণমূলের এগিয়ে থাকা আসনসংখ্যা ৯২। হাড্ডাহাড্ডি এই লড়াইয়ে শেষ হাসি কে হাসে, সেটাই এখন জানার অপেক্ষা।
২৯৪ আসনের পশ্চিমবঙ্গ বিধানসভায় সরকার গঠনের জন্য কোনো দলের প্রয়োজন ১৪৮ আসনে জয়।
ঢাকা/ফিরোজ
হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা