ফার্মগেটে কনস্টেবল খুনের ঘটনায় গ্রেপ্তার ৪
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
রাজধানীর ফার্মগেটে ট্রাফিক পুলিশের কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার হত্যায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২ জুলাই) বিভিন্ন সময়ে রাজধানীতে অভিযান চালিয়ে ডিবি তেজগাঁও বিভাগ তাদের গ্রেপ্তার করে।
রোববার সকালে ঢাকা ডিবি তেজগাঁও বিভাগের উপ-কমিশনার মো. গোলাম সবুর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মনিরুজ্জামানকে হত্যার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একজন হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
আরও পড়ুন: ফার্মগেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত
কনস্টেবল মনিরুজ্জামান শনিবার ভোরে ফার্মগেট সেজান পয়েন্টের সামনে ছুরিকাঘাতে খুন হন। তিনি ঈদের ছুটি কাটিয়ে সকালে গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফেরেন। ট্রেনে এসে তেজগাঁও রেলস্টেশনে নামেন তিনি। পরে হেঁটে কর্মস্থলে যাচ্ছিলেন। তার আগেই ফার্মগেটের সেজান পয়েন্টের সামনে ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়।
ঢাকা/হাসান/ইভা