রাজধানীতে ছিনতাইকারীর কবলে দুদক কর্মকর্তা
ফাইল ফটো
রাজধানীর মোহাম্মদপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক কর্মকর্তা ছিনতাইয়ের শিকার হয়েছেন। শনিবার (৭ মার্চ) রাতে রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশে ঘটনাটি ঘটে। এ সময় ছিনতাইকারীরা তার কাছ থেকে আইফোন ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা হয়েছে।
রবিবার (৮ মাচ) রাতে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেসবাহউদ্দিন রাইজিংবিডি ডটকমকে এ তথ্য জানান।
ছিনতাইয়ের শিকার ভুক্তভোগী মো. মোতাহার হোসেন দুদকের অনুসন্ধান ও তদন্ত শাখা-২-এর মহাপরিচালক হিসেবে কর্মরত।
ওসি মো. মেসবাহউদ্দিন বলেন, “মামলার পর পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলো দ্রুত তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ এবং প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় দুদক মহাপরিচালকের স্টাফ অফিসার (ডিএডি) জাবেদ হোসেন সজল মামলা করেছেন।”
শনিবার রাতে রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশে এ ঘটনা ঘটে। ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র চাপাতি এবং সামুরাই বের করে তাকে ভয় দেখায়। প্রাণনাশের হুমকি দিয়ে ব্যবহৃত আইফোন এবং পাসওয়ার্ড দাবি করে। পরে তাকে কিল-ঘুষি মেরে পাসওয়ার্ড আদায় এবং মোবাইল নিয়ে যায়। প্রকাশ্যে এমন দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঢাকা/এমআর/মাসুদ