সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান হলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান
ইয়াসের খান চৌধুরী || রাইজিংবিডি.কম
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ৩৯তম বোর্ড সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ৩৯তম বোর্ড সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীকে ট্রাস্টের নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার সার্কিট হাউস রোডে অনুষ্ঠিত বোর্ড সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন ট্রাস্টের সহায়তা কার্যক্রম আরো সুশৃঙ্খল ও স্বচ্ছ করতে সুবিধা প্রত্যাশী ও সুবিধাভোগীদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরির নির্দেশনা দেন।
সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও সচিব মাহবুবা ফারজানা, বোর্ড সদস্য ও প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর, বোর্ড সদস্য ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফসহ অন্যান্য সদস্যরা।
সভায় সদস্য সচিব ও ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ ট্রাস্টের চলমান কার্যক্রম, আর্থিক সংকট, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে অবহিত করেন।
বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জানান, বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি সাংবাদিকদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বড় কোনো সরকারি হাসপাতালে সাংবাদিকদের জন্য বিশেষ চিকিৎসা সুবিধা চালুর কথাও জানান তিনি।
এ সময় ট্রাস্টের আর্থিক সংকট নিরসনে ব্যাংকে জমাকৃত অর্থ বিধি মোতাবেক শুল্কমুক্ত করার ব্যবস্থা গ্রহণ, জনবল নিয়োগ, যানবাহন সুবিধা এবং নিজস্ব ভবন নির্মাণে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন ব্যবস্থাপনা পরিচালক।
সভা শেষে তথ্য ভবনের অডিটোরিয়ামে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সাংবাদিক পরিবারের ৪০২ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, দেশের গুরুত্বপূর্ণ সব অর্জনের পেছনে জনগণ ও গণমাধ্যমের অবদান অপরিসীম। গণমাধ্যম জনআকাঙ্ক্ষাকে শক্তিশালী করতে নৈতিক সমর্থন দিয়েছে। তিনি বলেন, তথ্যভিত্তিক সাংবাদিকতাই হবে আধুনিক গণমাধ্যমের মূল শক্তি।
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তার বক্তব্যে নিজ নির্বাচনি এলাকায় প্রেসক্লাব কমপ্লেক্স নির্মাণ ও সাংবাদিক কল্যাণে তহবিল গঠনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সাহসী ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। এ সময় মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা, সাংবাদিক পরিবার এবং অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/ফিরোজ