ঢাকা     শনিবার   ০৬ জুন ২০২৬ ||  জ্যৈষ্ঠ ২৩ ১৪৩৩ || ২০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘ভারত মাতা কী জয়’- মুসলমানদের জন্য জায়েজ নয়

শাহেদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৪, ১ এপ্রিল ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘ভারত মাতা কী জয়’- মুসলমানদের জন্য জায়েজ নয়

আন্তর্জাতিক ডেস্ক : ভারত মাতা কী জয়’ স্লোগান দেওয়া নিয়ে  তীব্র বিতর্কের মধ্যে ভারতের প্রখ্যাত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ জানিয়েছে, ‘ভারত মাতা কী জয়’ স্লোগান দেওয়া মুসলমানদের জন্য জায়েজ নয়।

 

শুক্রবার ভারতের মুসলমানদের সর্বোচ্চ এ ধর্মীয় বিদ্যাপিঠ থেকে এ ফতোয়া দেওয়া হয়।

 

দারুল উলুমে করা এ সংক্রান্ত প্রশ্নকে কেন্দ্র করে ফতোয়া বিভাগ বা  দারুল ইফতার ৮ সদস্য মুফতির সমন্বিত একটি বেঞ্চ এ নিয়ে আলোচনায় বসে। এরপরে রেফারেন্স নম্বর ৫৪৫(বি)তে মুফতিরা বলেন, ‘কয়েক বছর আগে ‘বন্দেমাতরম’ ইস্যু উঠেছিল। স্কুলে একে হিন্দু-মুসলিম সবার জন্য পড়া আবশ্যক করা হয়েছিল, এবার ‘ভারত মাতা কী জয়’ স্লোগান মুসলমানদের জন্য আবশ্যক করা হচ্ছে। এই দুটি বিষয় একই।

 

দারুল উলুমের মুফতিরা বলেন, ভারত আমাদের দেশ। আমরা এবং আমাদের পূর্বপুরুষরা এখানে জন্মেছি। এটা আমাদের মাতৃভূমি। আমরা একে ভালোবাসি কিন্তু এই দেশকে আমরা মা’বুদ (উপাস্য) বলে মনে করি না। মুসলমানরা এক খোদায় বিশ্বাস রাখে। এজন্য তারা খোদা ছাড়া অন্য কাউকে উপাসনা করতে পারে না। এখন ‘ভারত মাতা কী জয়’ স্লোগান দিতে বাধ্য করা হচ্ছে। আসলে একাংশের বিশ্বাস অনুযায়ী ভারত মাতা একজন ‘দেবী’, যাকে তারা পুজো করে। ভারত মাতা দেবীকে এসব লোকেরা ভারতের মালিক বলে মনে করে।

 

দারুল উলুম দেওবন্দের মতে, ভারতীয় সংবিধানে প্রত্যেক ব্যক্তিকে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয়েছে। কোনো সম্প্রদায়কে এই অধিকার দেওয়া হয়নি যে, তারা আইনের বিরুদ্ধে কোনো কাজ করবে এবং অন্যদের বেআইনি কাজ করতে বাধ্য করবে। ‘ভারত মাতা কী জয়’ বলা লোকদের সামনে এর অর্থ দেশকে পুজার শামিল। এজন্য কোনো মুসলমানের জন্য এই স্লোগান জায়েজ নয়।

 

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ভারত বিরোধী স্লোগান দেয়ার অভিযোগ ওঠাকে কেন্দ্র করে বিতর্ক শুরু হলে গত ৩ মার্চ আরএসএস প্রধান মোহন ভাগবত বলেন, ‘সময় এসেছে নতুন প্রজন্মকে ‘ভারত মাতা কী জয়’ স্লোগান দিতে বলা।’

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১ এপ্রিল ২০১৬/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়