ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আবে বাংলাদেশের একজন পরীক্ষিত বন্ধু ছিলেন: পররাষ্ট্র মন্ত্রণালয়

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০০, ৯ জুলাই ২০২২   আপডেট: ১২:৪২, ৯ জুলাই ২০২২
আবে বাংলাদেশের একজন পরীক্ষিত বন্ধু ছিলেন: পররাষ্ট্র মন্ত্রণালয়

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে (ফাইল ফটো)

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের অপ্রত্যাশিত মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। শোক বার্তায় মন্ত্রণালয় উল্লেখ করেছে আবে ছিলেন বাংলাদেশের একজন পরীক্ষিত বন্ধু।

শনিবার (৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় এই শোক প্রকাশ করেছে। 

আরো পড়ুন:

শোক বার্তায় উল্লেখ করা হয়েছে, জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের অপ্রত্যাশিত মৃত্যুতে পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর শোক প্রকাশ করছে এবং তার বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি তার শোকসন্তপ্ত পরিবার ও বন্ধুপ্রতিম রাষ্ট্র জাপানের নাগরিকদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। 

এতে আরও বলা হয়, আবে বাংলাদেশের একজন পরীক্ষিত বন্ধু ছিলেন। বাংলাদেশ এবং জাপানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ককে সর্বাঙ্গীণ অংশীদারিত্বমূলক সম্পর্কে উন্নীত করার ক্ষেত্রে অনন্য ভূমিকা পালনের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তার মৃত্যুতে বিশ্ব রাজনীতিতে একটি অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। 

মন্ত্রণালয় জানায়, আততায়ীর হামলায় নিহত আবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে একদিনের শোক পালন করা হবে। শোক পালনের অংশ হিসেবে শনিবার বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং তার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

জাপানের পশ্চিমাঞ্চলের নারা শহরে নির্বাচনী বক্তব্য দেওয়ার সময় পেছন থেকে গুলি করা হয় ৬৭ বছর বয়সী জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে। হাসপাতালে নেওয়ার পর মারা যান তিনি।

ঢাকা/হাসান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়