ঢাকা     শুক্রবার   ১৩ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২৮ ১৪৩২ || ২৩ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘জলবায়ু পরিবর্তন আলোচনায় তারুণ্যের ক্ষমতায়ন গুরুত্বপূর্ণ’

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০২, ২০ অক্টোবর ২০২৩  
‘জলবায়ু পরিবর্তন আলোচনায় তারুণ্যের ক্ষমতায়ন গুরুত্বপূর্ণ’

জলবায়ু পরিবর্তন আলোচনায় তারুণ্যের ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ঢাকায় ‘জলবায়ু পরিবর্তন দেনদরবার প্রক্রিয়ায় তারুণ্যের সম্পৃক্ততা’ (ইয়োথ এনগেইজমেন্ট ইন ক্লাইমেট চেঞ্জ নেগোসিয়েশন প্রসেস) শীর্ষক কর্মশালায় এই তথ্য উঠে আসে।

আসন্ন কপ২৮ (ক্লাইমেট কনফারেন্স অব পার্টিজ) জলবায়ু সম্মেলন দেশের জলবায়ু চ্যালেঞ্জ মোকাবিলায় অগ্রণী ভূমিকা নেওয়ার তাগিদে বাংলাদেশের তরুণদেরকে ক্ষমতায়িত করতে এই কর্মশালার আয়োজন করে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)।

আরো পড়ুন:

ইউএনডিপি বলছে, ৪ কোটি ৫৯ লাখ যুব জনগোষ্ঠীর বাংলাদেশে জলবায়ু প্রভাবের কারণে যুবকরা বিশেষভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে তাদের আর্থ-সামাজিক অবস্থা, নিরাপত্তা, শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং তাদের ভবিষ্যৎ বোধকে প্রভাবিত করে। হাতশাজনকভাবে, জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৃহীত অনেক রাজনৈতিক সিদ্ধান্ত যেসব এই যুবকদের ভবিষ্যত জীবিকার ক্ষেত্রে সুদূরপ্রসারী প্রভাব ফেলতে সক্ষম সেই সিদ্ধান্তগুলো গ্রহণের প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ অত্যন্ত সীমিত।

‘জলবায়ু পরিবর্তন দেনদরবার প্রক্রিয়ায় তারুণ্যের সম্পৃক্ততা’ শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়েছিল তরুণদের সক্ষমতা তৈরির মাধ্যমে এই জটিল সমস্যাটির সমাধান করার লক্ষ্যকে সামনে রেখে।

দিনব্যাপী কর্মশালাটি কার্যকরভাবে জলবায়ু আলোচনায় যুক্ত হওয়ার ক্ষেত্রে তরুণ নেতৃত্ব জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ হয়, যা ন্যায়সঙ্গত, কম-কার্বন এবং জলবায়ু-স্থিতিস্থাপক উন্নয়নের পক্ষে বাংলাদেশের সমর্থন নিশ্চিতে সহায়ক ভূমিকা রাখবে। এছাড়া এই কর্মশালাটি তরুণ জলবায়ু দেনদরবারকারীদের জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইএনএফসিসিসি) এর আনুষ্ঠানিক আলোচনা প্রক্রিয়ার সাথে যুক্ত হওয়ার সুযোগ করে দিয়ে এই তরুণদের মধ্যে আন্তর্জাতিক জলবায়ু ফোরামে কার্যকরভাবে সম্পৃক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় সক্ষমতা বাড়িয়ে তুলেছে।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ু বিষয়ক বিশেষ দূত সাবের হোসেন চৌধুরী বলেন, ‘কপ এর মতো আন্তর্জাতিক অঙ্গনে, আগামীর বিশ্বকে বদলে দিতে জলবায়ু সংক্রান্ত পদক্ষেপের দাবিতে তরুণদের কণ্ঠস্বর জোরালো হচ্ছে। তারা কোনো নেতিবাচক উত্তর বেছে নিচ্ছে না। কারণ তারা বুঝতে পারছে বিলম্ব করার মতো আর সময় অবশিষ্ট নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সরকার বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচির মাধ্যমে জলবায়ু কর্মকাণ্ডে তরুণদের ভূমিকা নিশ্চিতকল্পে তাদের ক্ষমতায়নের জন্য বেশ কিছু সাহসী পদক্ষেপ গ্রহণ করেছে।’

বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশ এখন জলবায়ু সহনশীলতা এবং বৈশ্বিক অভিযোজন সমাধানে নেতৃত্ব দিচ্ছে । আসুন আমরা যে যেখানেই থাকি না কেন সম্মিলিতভাবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কাজ করি।’

‘জলবায়ু পরিবর্তন দেনদরবার প্রক্রিয়ায় তারুণ্যের সম্পৃক্ততা’ কর্মশালাটি ‘ক্লাইমেট প্রমিস- ফ্রম প্লেজ টু ইম্পেক্ট’ প্রকল্পের অংশ, যা ইউএনডিপি এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় যৌথভাবে বাস্তবায়ন করেছে। এই প্রকল্পের লক্ষ্য বাংলাদেশে জলবায়ু পরিবর্তন প্রশমন কার্যক্রম জোরদার করা, নির্গমনকে মোকাবিলা করা এবং প্যারিস চুক্তি অনুসরণ করে তাপমাত্রা বৃদ্ধি সীমিত করার বৈশ্বিক প্রচেষ্টায় অবদান রাখা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড: আবদুল হামিদ।  অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি প্রসেনজিৎ চাকমা; পরিবেশ অধিদপ্তরের পরিচালক (আন্তর্জাতিক সম্মেলন ও জলবায়ু পরিবর্তন) মির্জা শওকত আলী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস অধ্যাপক আইনুন নিশাত, পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি সাদেক আহমেদ এবং ইউএনডিপি বাংলাদেশ-এর প্রোগ্রাম স্পেশালিস্ট আরিফ ফয়সাল।

/হাসান/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়