ঢাকা     শনিবার   ০৯ মে ২০২৬ ||  বৈশাখ ২৬ ১৪৩৩ || ২২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

দ্বাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ২য় বৈঠক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৯, ৫ জুন ২০২৪  
দ্বাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ২য় বৈঠক

জাতীয় সংসদে কার্য উপদেষ্টা কমিটির ২য় বৈঠক

দ্বাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ২য় বৈঠক আয়োজন করা হয়েছে। বুধবার (৫ জুন) জাতীয় সংসদ ভবনে এই আয়োজন করা হয়।

কমিটির সভাপতি বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটি সদস্য এবং সংসদ নেতা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে অংশগ্রহণ করেন।

আরো পড়ুন:

এ ছাড়া, বৈঠকে অংশগ্রহণ করেন কমিটির সদস্য বিরোধী দলের নেতা জিএম কাদের, আমির হোসেন আমু, আবুল হাসানাত আব্দুল্লাহ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, আনিসুল হক, বিরোধী দলের উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ, আবদুল লতিফ সিদ্দিকী, ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, ডা. দীপু মনি, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং একেএম রেজাউল করিম তানসেন। সভাপতির অভিপ্রায় অনুযায়ী অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদের ৩য় অধিবেশনের কার্যক্রম নিষ্পন্নের জন্য সময়ের বরাদ্দ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা করা হয়। বৃহস্পতিবার ৬ জুন বিকেল ৩টায় অধিবেশন শুরু হবে। শুক্র, শনিবার ও সরকারি ছুটির দিন অধিবেশন হবে না। তবে ২২ জুন ও ২৯ জুন শনিবার অধিবেশন অনুষ্ঠিত হবে। এ ছাড়া প্রতিদিন সকাল ১১টা হতে ১টা পর্যন্ত এবং সন্ধ্যা ৭টা থেকে ১০টা পর্যন্ত অধিবেশন চলবে মর্মে বৈঠকে সিদ্ধান্ত হয়। আগামী ১৩ জুন অধিবেশন মুলতবি হয়ে ১৯ জুন পুনরায় শুরু হবে। সংসদের কার্যাবলীর পরিমাণ বিবেচনায় মাননীয় স্পিকার দ্বাদশ জাতীয় সংসদের ৩য় অধিবেশনের স্থায়িত্বকাল নির্ধারণ করবেন মর্মে বৈঠকে সিদ্ধান্ত হয়। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত যে কোনো পরিবর্তনের ক্ষমতা মাননীয় স্পিকারকে প্রদান করা হয়।

এ অধিবেশনে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য ৮২টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ১৮৯০টি প্রশ্নসহ মোট ১৯৭২টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৫৪টি এবং প্রস্তাব (সাধারণ) বিধি-১৪৭ এ নোটিশ পাওয়া যায় নি। বিধি-১৩১ এ সিদ্ধান্ত প্রস্তাবের সংখ্যা ১২৯টি। বেসরকারি বিলের নোটিশ পাওয়া যায় নি। ৫টি সরকারি বিলের মধ্যে কমিটিতে পরীক্ষাধীন ৩টি, পাশের অপেক্ষায় ১টি ও সংসদে উত্থাপনের অপেক্ষায় ১টি।

বৈঠক সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। বৈঠকে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এএএম/ফয়সাল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়