দুর্গাপূজা সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে: শারমীন মুরশিদ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ (ফাইল ফটো)
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি এখন পরিণত হয়েছে সর্বজনীন উৎসবে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য।
দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীসহ দেশের সব নাগরিককে শুভেচ্ছা জানিয়ে শুক্রবার (১১ অক্টোবর) দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমাদের সংবিধানে সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ-গোষ্ঠী নির্বিশেষে সবার ভাগ্য উন্নয়ন এবং সমান অধিকার প্রতিষ্ঠা করতে কাজ করে যাচ্ছে।
সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন উপদেষ্টা।
তিনি বলেছেন, দুর্গাপূজায় নিরাপত্তা রক্ষায় কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। জেলায় জেলায় মোতায়েন সেনা সদস্যরা পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে সদা তৎপর রয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ৮৪ হাজার স্বেচ্ছাসেবক ৩২ হাজার পূজামণ্ডপে ১৩ অক্টোবর পর্যন্ত স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করবেন। প্রতিদিন সকল কর্মকর্তা-কর্মচারী পূজামণ্ডপে ৮ ঘণ্টা করে ৩ শিফটে দায়িত্ব পালন করবেন।
উপদেষ্টা বলেন, শারদীয় দুর্গাপূজা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করবেন, এই প্রত্যাশা অন্তর্বর্তীকালীন সরকারের।
আসাদ/রফিক
কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত