দুর্গাপূজায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে চালু হচ্ছে বিশেষ অ্যাপ
শারদীয় দুর্গাপূজার সময় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে একটি বিশেষ অ্যাপ চালু করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা শেষে উপদেষ্টা এই অ্যাপ চালুর কথা জানান।
এ অ্যাপের মাধ্যমে মণ্ডপে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ছবি ও ভিডিওসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে পারবেন, যা দ্রুত ব্যবস্থা নিতে সাহায্য করবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সনাতন ধর্মাবলম্বীরা প্রতিশ্রুতি দিয়েছেন যে এবারের পূজা ভালোভাবে অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রতিটি মণ্ডপে দিন ও রাতে নির্দিষ্ট সংখ্যক স্বেচ্ছাসেবক থাকবেন। পাশাপাশি আনসার সদস্যরাও পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।
তিনি জানান, নতুন এ অ্যাপে শুধু মণ্ডপের দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রবেশাধিকার থাকবে। কোনো ঘটনা ঘটলে তারা তাৎক্ষণিক ছবি ও ভিডিওর মাধ্যমে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করতে পারবেন। এতে দ্রুততম সময়ে ঘটনার সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।
প্রসঙ্গত, মূলত মণ্ডপগুলোতে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা সদস্যদের অ্যাপে প্রবেশের ক্ষমতা থাকবে। কোনো ঘটনা ঘটলে তারা অ্যাপে প্রবেশ করে তাৎক্ষণিক ছবি এবং ভিডিও মাধ্যমে তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়ে দেবেন। তাদের সে ছবি ও ভিডিও তৎক্ষণাৎ শীর্ষ কর্মকর্তাদের কাছে চলে যাবে। তারা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্যোগ নেবেন।
সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/নঈমুদ্দীন/ফিরোজ