ঢাকা     বুধবার   ১৮ মার্চ ২০২৬ ||  চৈত্র ৫ ১৪৩২ || ২৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

খনন করা খাল বহুমুখী অর্থনীতির কেন্দ্রবিন্দু হবে: ত্রাণমন্ত্রী

লালমনিরহাট সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৭, ১৮ মার্চ ২০২৬  
খনন করা খাল বহুমুখী অর্থনীতির কেন্দ্রবিন্দু হবে: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, “খনন করা খালে কেবল পানি নিষ্কাশন নয়, বরং বহুমুখী অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হবে।”

তিনি বলেন, “খালের পানিতে কৃষি ও মাছ চাষ এবং পাড়ে বনায়ন করে দৃষ্টিনন্দন করা হবে। বনায়ন ও মাছ চাষের মাধ্যমে স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।”

বুধবার (১৮ মার্চ) লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের বড়ুয়া খাল খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

আসাদুল হাবিব দুলু বলেন, “আমাদের নির্বাচনি ইশতেহারে প্রতিশ্রুতি ছিল—বিএনপি ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে। সেই ইশতেহার বাস্তবায়নে সরকার সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের মহাপরিকল্পনা হাতে নিয়েছে। প্রধানমন্ত্রী নিজে কোদাল দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেছেন, যার ধারাবাহিকতায় আজ সারাদেশে এই কর্মযজ্ঞ চলছে।”

খাল খনন কর্মসূচির ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে তিনি বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন এবং সারা দেশে ঘুরে ঘুরে কাজ করেছেন। এটি মূলত তার দেওয়া একটি উন্নয়নমুখী প্রকল্প, যা দেশের কৃষি ও অর্থনীতিতে বিপ্লব ঘটিয়েছিল।”

ঢাকা/নিয়াজ/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়