বেলকুচিতে অতিরিক্ত ভাড়া আদায়, সুপারভাইজারকে জরিমানা
সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে বাসের দুই সুপারভাইজারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৮ মার্চ) দুপুরে বেলকুচি উপজেলার মুকুন্দগাঁতী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।
জানা যায়, ঈদ সামনে রেখে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে লালমনিরহাটগামী অপরূপা বাসের সুপারভাইজারকে ৫ হাজার ও পিংকি বাসের সুপারভাইজারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে যাত্রীদের কাছ থেকে অভিযোগ শোনা হয়। তারা জানান, স্বল্প দূরত্বের ভাড়াও দ্বিগুণ নেওয়া হচ্ছিল, যা সাধারণ মানুষের জন্য ভোগান্তির কারণ।
ইসরাত জাহান বলেন, ঈদে ঘরমুখো মানুষের কাছ থেকে বাসে অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই সহ্য করা হবে না। এ কারণে অপরুপা ও পিংকি বাসের সুপারভাইজারকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অতিরিক্ত টাকা যাত্রীদের ফেরত দেওয়া হয়েছে।
এ সময় সুপারভাইজারদের সতর্ক করা হয়। বাসে দৃশ্যমান স্থানে সরকার কর্তৃক নির্ধারিত ভাড়ার চার্ট প্রদর্শনেরও নির্দেশনা দেওয়া হয়।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রশাসনের নজরদারি বাড়ানোর পাশাপাশি যাত্রীদের সচেতন থাকার আহ্বান জানান ইসরাত জাহান।
অভিযানে মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, প্রধান সহকারী কাম হিসাবরক্ষক জাহিদুল ইসলাম ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
ঢাকা/রাসেল//