উপদেষ্টারা কে কোথায় ভোট দেবেন
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
অন্তর্বর্তীকালীন সরকারের কায়েকজন উপদেষ্টা। ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নিজ নিজ এলাকায় ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন সামনে রেখে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলো থেকে উপদেষ্টাদের ভোটকেন্দ্রের তথ্য জানানো হয়েছে।
অর্থ মন্ত্রণালয় থেকে জানা গেছে, অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।
আইন উপদেষ্টা আসিফ নজরুল ভোটাধিকার প্রয়োগ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার উদয়ন হাইস্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। একই এলাকায় ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ভোট দেবেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।
তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ঢাকার সেন্ট্রাল রোডস্থ আদর্শ কলেজ কেন্দ্র ভোট দেবেন।
সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ রাজধানীর মিরপুর-১২ নম্বর এলাকার ই-ব্লকের একটি ভোটকেন্দ্রে ভোট দেবেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার শ্যামলী শিশুমেলার পাশের একটি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন রাজধানীর মহাখালীর ডিওএসএইচ এলাকার একটি কেন্দ্রে ভোট দেবেন । ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার উত্তরা ১০ নম্বর সেক্টরের প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ভোট দেবেন গুলশান-২ এলাকার গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ধানমন্ডি এলাকার একটি কেন্দ্রে ভোট দেবেন। অন্যদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম ভোটাধিকার প্রয়োগ করবেন চট্টগ্রাম মহানগরের মেহেদীবাগ এলাকার একটি কেন্দ্রে।
ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা খালিদ হোসেন এবারের নির্বাচনে ভোট দিতে চট্টগ্রামে যেতে নাও পারেন। জরুরি কাজের কারণে তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তিনি চট্টগ্রামের ভোটার হলেও সময় সংকটের কারণে কেন্দ্রে পৌঁছানো অনিশ্চিত বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের দপ্তরের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, নির্বাচনের দিন অধিকাংশ উপদেষ্টা রাজধানী ঢাকাতেই অবস্থান করবেন এবং নিজ নিজ আবাসন এলাকার ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।
বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
ঢাকা/এএএম/মাসুদ