জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বুধবার দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্যরা। ছবি: টিভি থেকে নেওয়া
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন তাদের বড় ছেলে দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যরা।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে বেলা ১১টায় জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান নতুন প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার সদস্যরা।
শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী স্মৃতিসৌধে সংরক্ষিত দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন এবং বৃক্ষরোপণ করেন।
সকাল ১০টায় সাভারের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যরা। তাদের আগমন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় নেওয়া হয় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।
শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে সচিবালয়ে যাবেন প্রধানমন্ত্রী এবং নির্ধারিত কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করবেন তিনি। প্রথমে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হবেন এবং একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।
এরপর বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে একটি বিশেষ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী। বৈঠকটি মূলত পরিচিতিমূলক হলেও এতে সরকার পরিচালনার প্রাথমিক দিক-নির্দেশনা উঠে আসতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন।
বিকেল ৪টায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে পৃথক মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। প্রায় দুই দশক পর দলটি সরকার গঠন করে এবং প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন তারেক রহমান। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন।
গতকাল প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর রাতেই পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করেন তারেক রহমান।
ঢাকা/আলী/ইভা