প্রধানমন্ত্রীকে লাল গোলাপ দিলেন শফিক রেহমান
প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গোলাপ উপহার দেন সাংবাদিক শফিক রেহমান। ছবি টিভি থেকে নেওয়া
একুশে পদক নিতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গোলাপ উপহার দিলেন সাংবাদিক শফিক রেহমান।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রীর হাত থেকে একুশে পদক নেন তিনি। পদক গ্রহণের আগে তিনি প্রধানমন্ত্রীকে লাল গোলাপ দেন।
শফিক রেহমান ১৯৫০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে স্পোর্টস রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন। ১৯৫৭ সাল থেকে লন্ডনে বিবিসির বিভিন্ন বিভাগে প্রায় ৩৫ বছর কাজ করেন।
১৯৮৪ সালে সাপ্তাহিক যায়যায়দিন প্রতিষ্ঠা করেন, যা তৎকালীন স্বৈরশাসক হুসেইন মুহাম্মদ এরশাদের সরকারের সমালোচনার জন্য পরিচিত ছিল। ১৯৮৬ সালে পত্রিকাটির ডিক্লারেশন বাতিল হলে তিনি দেশত্যাগে বাধ্য হন এবং ১৯৯১ সাল পর্যন্ত লন্ডনে অবস্থান করেন।
বাংলাদেশ টেলিভিশনে ১৪ ফেব্রুয়ারি ১৯৯৩ সালে শফিক রেহমানের উপস্থাপনায় শুরু করা হয় লাল গোলাপ নামে তথ্যবহুল বিনোদনমূলক ধারাবাহিক অনুষ্ঠান। ৯০ দশকে যা জনপ্রিয়তা পায়।
বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ একুশে পদক পেলেন।
পদকপ্রাপ্তরা হলেন— চলচ্চিত্রে চিত্রনায়িকা ববিতা, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), চারুকলায় অধ্যাপক মোহাম্মদ আব্দুস সাত্তার, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, ভাস্কর্যে তেজস হালদার জস, নৃত্যে অর্থী আহমেদ ও ব্যান্ড মিউজিকে ওয়ারফেজ।
একুশে পদক দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে ভাষাসৈনিক, সাহিত্যিক, শিল্পী, শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিকসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৯৭৬ সাল থেকে এ সম্মাননা প্রদান করা হচ্ছে।
ঢাকা/ইভা