ঢাবিতে হেনস্তার শিকার ২ নারী, অভিযুক্ত হত্যা মামলার আসামি
ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসিতে গভীর রাতে এক নারীকে লাঠি হাতে তেড়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অল্প সময়ের মধ্যেই সেই ভিডিও ঘিরে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোররাতে ঘটে যাওয়া এ ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত দুই শিক্ষার্থীর একজন গাজীপুরের কালিয়াকৈরে দায়ের হওয়া একটি হত্যা মামলার আসামি বলে শনাক্ত করা গেছে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী আহমেদ রাকিব লাঠি হাতে এক নারীর দিকে তেড়ে যাচ্ছেন। সেখানে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের একই সেশনের শিক্ষার্থী শাহরিয়ার তুষারকেও উপস্থিত থাকতে দেখা যায়।
ভিডিওতে ভুক্তভোগী নারী কান্নাজড়িত কণ্ঠে বিচার দাবি করেন। তিনি অভিযোগ করেন, তাদের ‘প্রস্টিটিউট’ বলে সম্বোধন করা হয়েছে এবং শারীরিকভাবে হেনস্তার চেষ্টা করা হয়েছে। ক্ষোভ প্রকাশ করে তাকে বলতে শোনা যায়, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে আমার গায়ে কেন হাত তুলবে?”
তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে আমরা মেয়েরা সেফ না। ৫ আগস্টের পরে আমরা সেফ না। আমরা আন-সেফ। ভার্সিটির ছেলেরা আমাদের ধরে মারে। আমাদের ড্রেসে কি লেখা আছে আমরা প্রস্টিটিউট?”
ওই রাতে তারা পুরান ঢাকা থেকে সেহরি খেয়ে টিএসসিতে ঘুরতে এসেছিলেন বলে দাবি করেন। একপর্যায়ে তাদের সঙ্গে বাকবিতণ্ডা ও হেনস্তার ঘটনা ঘটে বলে ভিডিওতে উল্লেখ করা হয়।
অপর জনকে কেঁদে কেঁদে বলতে শোনা যায়, “ঢাকা ইউনিভার্সিটির ছেলে হয়ে আমার গালে কেন থাপ্পড় মারবে? আমি কি বাংলাদেশের বাইরে থেকে আসছি? আমি এখানে আসতে পারি না?”
অভিযুক্ত আহমেদ রাকিব ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে গাজীপুরের কালিয়াকৈরে আলোচিত সাব্বির হত্যা মামলার আসামি হিসেবে চিহ্নিত।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে শাহবাগ থানা পুলিশের এসআই স্বপন মিয়া জানান, এ বিষয়ে তাদের জানা নেই।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদ জানিয়েছেন, ভাইরাল ভিডিওটি প্রশাসনের নজরে এসেছে। ঘটনার সত্যতা যাচাইয়ে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা/সৌরভ/জান্নাত