মির্জাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার বেতন বৃদ্ধি স্থগিত
নিয়ম বহির্ভূতভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের অভিযোগ প্রমাণিত হওয়ায় পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সেলিম রেজার দুই বছরের বেতন বৃদ্ধি স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সম্প্রতি ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত আফিস আদেশে জানানো হয়, মো. সেলিম রেজা, উপজেলা নির্বাচন অফিসার, মির্জাগঞ্জ,পটুয়াখালী (প্রাক্তন কার্যালয়: মঠবাড়ীয়া, পিরোজপুর) দায়িত্বপ্রাপ্ত থাকাকালীন একটি এনআইডি সংশোধনের সময় শিক্ষাগত যোগ্যতা এবং সংশ্লিষ্ট মাধ্যমিক সনদ উপেক্ষা করে জন্ম তারিখ পরিবর্তন করেছেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা (নম্বর-২১/২০২৫) করা হয়।
মো. সেলিম রেজা অভিযোগ স্বীকার করে ব্যক্তিগত শুনানিতেও অংশ নেন। পরবর্তী তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, তার দুই বছরের জন্য দুইটি বার্ষিক বেতন বৃদ্ধি স্থায়ীভাবে স্থগিত থাকবে। একই সঙ্গে বিভাগীয় মামলা (নম্বর-২১/২০২৫) নিষ্পত্তি করা হয়েছে।
ঢাকা/এমএসবি/এসবি