টুঙ্গিপাড়া নির্বাচন কর্মকর্তা সাময়িক বরখাস্ত
নিয়ম বহির্ভূতভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হারুন অর রশিদকে সাময়িকভাবে বরখাস্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (৩ মার্চ) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়েছে, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হারুন অর রশিদ (প্রাক্তন কার্যালয়, বাবুগঞ্জ, বরিশাল)-এর বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে এনআইডি সংশোধনের অভিযোগে বিভাগীয় মামলা নম্বর–১৩/২০২৫ রুজু করা হয়। তদন্তে উত্থাপিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।
এতে আরো উল্লেখ করা হয়, অপরাধের মাত্রা ও প্রকৃতি বিবেচনায় জনস্বার্থে তাকে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক ও সমীচীন। সে অনুযায়ী সরকারি চাকরি আইন, ২০১৮-এর ধারা ৩৯(১) অনুযায়ী মো. হারুন অর রশিদ, উপজেলা নির্বাচন অফিসার, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ (প্রাক্তন কার্যালয় বাবুগঞ্জ, বরিশাল)-কে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরপোষ ভাতা ও অন্যান্য আইনানুগ সুবিধা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
ঢাকা/এমএসবি/এসবি