ঢাকা     শুক্রবার   ০৬ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২১ ১৪৩২ || ১৬ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গ্যাস-তেল অপচয় রোধে সরকার সতর্ক, নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২২, ৫ মার্চ ২০২৬  
গ্যাস-তেল অপচয় রোধে সরকার সতর্ক, নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান

ছবি: ইন্টারনেট

মধ্যপ্রাচ্যে চলমান ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টির সম্ভাবনা দেখা দেওয়ায় জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা অনুভব করছে সরকার। এ পরিস্থিতিতে জ্বালানি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে দেশবাসীর প্রতি গ্যাস ও জ্বালানি তেল সাশ্রয়ের আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত সংস্থা, বেসরকারি প্রতিষ্ঠান, বাণিজ্যিক স্থাপনা এবং দেশের সব সচেতন নাগরিককে অবিলম্বে জ্বালানি সাশ্রয়মূলক কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে।

আরো পড়ুন:

বিজ্ঞপ্তিতে প্রাকৃতিক গ্যাস ব্যবহারে সাশ্রয়ের জন্য রান্না ও অন্যান্য কাজে গ্যাস ব্যবহারে উপযুক্ত পদ্ধতি অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে। গ্যাসচালিত যন্ত্রপাতির অপ্রয়োজনীয় ব্যবহার পরিহার, গ্যাস পাইপলাইন ও বার্নার নিয়মিত পরীক্ষা করে লিকেজজনিত অপচয় রোধ এবং অবৈধভাবে গ্যাস ব্যবহার থেকে বিরত থাকারও আহ্বান জানানো হয়েছে।

জ্বালানি তেল সাশ্রয়ের ক্ষেত্রে ব্যক্তিগত যানবাহনের পরিবর্তে গণপরিবহন ব্যবহার এবং সম্ভব হলে কার শেয়ারিং ব্যবস্থা গ্রহণকে উৎসাহিত করা হয়েছে। পাশাপাশি অপ্রয়োজনীয় যাতায়াত সীমিত করে জ্বালানি তেলের ব্যবহার কমানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়া সব সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানে অফিস চলাকালীন ও অফিস-পরবর্তী সময়ে জ্বালানি সাশ্রয় নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ এবং অতিরিক্ত জ্বালানির ব্যবহার পরিহারের আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে এসব নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়ার অনুরোধ করা হয়েছে। জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেছে সরকার।

ঢাকা/এএএম/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়