দেশে সব ধরনের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে: বিদ্যুৎমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ফাইল ফটো
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে দেশে জ্বালানি তেল সরবরাহ নিয়ে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি বলেছেন, “দেশে ডিজেল, পেট্রল, অকটেনসহ সব ধরনের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। তাই সাধারণ মানুষের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।”
শনিবার (৭ মার্চ) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই আশঙ্কা থেকে বিভিন্ন ফিলিং স্টেশনে গিয়ে প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহের চেষ্টা করছেন। বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে।”
তিনি জানান, ভবিষ্যতে কোনো ধরনের সংকট এড়াতে সরকার কাতার ছাড়াও বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের পরিকল্পনা করছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে সেসব বিকল্প উৎস ব্যবহার করা হবে।
অগ্রিম সতর্কতা হিসেবে কিছুটা রেশনিং করা হচ্ছে। কিন্তু মানুষ এই রেশনিংকে ভয় পেয়ে স্টক করা শুরু করেছে বলেন তিনি।
তেলের কোনো অভাব নেই জানিয়ে তিনি বলেন, “আগামী ৯ মার্চ দেশে আরো দুটি জ্বালানি তেলবাহী জাহাজ আসছে। সুতরাং তেলের কোন সমস্যা নাই। ঘাটতি পড়ার কোনো সুযোগ নাই। তারপরও যেহেতু যুদ্ধ চলছে আমাদের হিসেব করে চলতে হবে।”
মন্ত্রী সবাইকে বিশেষ করে গণমাধ্যমকে অনুরোধ করেন জনগণকে এই মসেজ দিতে হবে যে, তাড়াহুড়া করে কোনো কিছু করার দরকার নেই, আমাদের কাছে মজুদ আছে, আমরা পেট্রোল পাম্পকে তেল দিচ্ছি, এটা চলবে, এটার জন্য লাইন দিয়ে সারারাত জাগার কোন প্রয়োজন নেই; মানুষ তেল পাবে।”
পাম্পের পাম্প ম্যানেজমেন্ট সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “নির্দিষ্ট পরিমাণ তেল দেওয়া হচ্ছে, ঐদিন তেল শেষ হয়ে গেলে সেদিন আর তেল পাবে না; পরের দিনের জন্য অপেক্ষা করতে হবে। এজন্য মনিটরিং করা হচ্ছে।”
জ্বালানি তেল সরবরাহে কোনো ধরনের অনিয়ম বা অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ এড়াতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান মন্ত্রী।
জনভোগান্তি কমাতে রোবিবার থেকে বিভিন্ন ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে তিনি জানান।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, “আমাদের এলপিজি ও জ্বালানির পর্যাপ্ত মজুদ আছে, আগামী দিনগুলোতে যেন কোনো সংকট না ঘটে সেজন্য আমার বিকল্প উৎস নিয়ে কাজ করছি।”
ঢাকা/এএএম/ইভা