সদরঘাটে নেই সেই চিরচেনা ভিড়, স্বস্তিতে ফিরছেন নগরবাসী
সদরঘাটে যাত্রীচাপ কম। ছবি: রাইজিংবিডি
পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটি শেষে আবারও কর্মব্যস্ত রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। প্রিয়জনের সান্নিধ্যে কাটানো আনন্দঘন সময় পেছনে ফেলে জীবিকার তাগিদে শহরমুখী এই যাত্রা যেন এক পরিচিত চিত্র। তবে প্রতিবারই এর ভেতরে থাকে আলাদা আবেগ, ক্লান্তি আর বাস্তবতার টানাপোড়েন।
সোমবার (২৩ মার্চ) সকালে সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে দেখা যায়, দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুট থেকে আসা লঞ্চগুলো একে একে ভিড়ছে ঘাটে। তবে এবারের দৃশ্য কিছুটা ভিন্ন ঈদ-পূর্ব ভিড়ের তুলনায় যাত্রীচাপ কম, ফলে স্বস্তিতে ফিরছেন নগরবাসী।
বরিশাল থেকে আসা যাত্রী রফিকুল ইসলাম বলেন, ঈদের আগে যাওয়ার সময় যে ভিড় ছিল, এবার ফেরার পথে তা নেই। পরিবারকে গ্রামে রেখে একাই ফিরছি। মনটা খারাপ, কিন্তু কাজ তো করতেই হবে।
একই লঞ্চে আসা গৃহিণী শারমিন আক্তার বলেন, এইবার বাচ্চাদের নিয়ে গ্রামে গিয়েছিলাম। এখন আবার ঢাকায় ফিরছি। ভিড় কম থাকায় যাত্রা অনেক আরামদায়ক হয়েছে, এটা বড় স্বস্তি।
লঞ্চ কর্তৃপক্ষও বলছে, এবারের ফিরতি যাত্রা অনেকটাই নিয়ন্ত্রিত ও নির্বিঘ্ন।
পারবারত-৮ লঞ্চের মাস্টার মো. সাইফুল ইসলাম জানান, ঈদের আগের চাপটা অনেক বেশি ছিল। এখন যাত্রী কম, তাই সময়মতো চলাচল করতে পরছি। নিরাপত্তা নিয়েও আমরা সতর্ক আছি।
আরেক লঞ্চ মানামির সুপারভাইজার আব্দুল মালেক বলেন, ঘাটে শৃঙ্খলা ভালো আছে। প্রশাসনের নজরদারি রয়েছে, তাই যাত্রীরা স্বস্তিতে উঠানামা করতে পারছেন।
ঢাকা/এএএম/ফিরোজ