ভুয়া নিয়োগপত্রে প্রতারণা
সতর্ক থাকার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের
ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শিক্ষক নিয়োগের নিয়োগপত্র প্রচার করছে একটি প্রতারকচক্র। প্রচারিত এ নিয়োগপত্র সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন।
এ নিয়োগপত্রের সাথে ইসলামিক ফাউন্ডেশনের কোনো সম্পর্ক নেই বলে রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রতারক চক্রের প্রতারণার বিষয়টি ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষের নজরে এসেছে। এটি ভুয়া। বরং নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পে শিক্ষক নিয়োগের জন্য উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে নিয়োগ কমিটি এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে নিয়োগে কমিটি রয়েছে। এ নিয়োগ কমিটি কর্তৃক লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে গণশিক্ষা প্রকল্পের শিক্ষক নিয়োগ দেয়া হয়। অন্য কোনো উপায়ে শিক্ষক নিয়োগের কোনো সুযোগ নেই।
এতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ ভুয়া নিয়োগপত্রের মাধ্যমে এক শ্রেণির প্রতারক চক্র নিয়োগের প্রলোভন দিয়ে জনগণকে প্রতারিত করছে। এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে উক্ত প্রতারক চক্রের সাথে কোনরূপ আর্থিক লেনদেন না করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।
ঢাকা/নঈমুদ্দীন/এসবি
তনু হত্যার তদন্তে মোড়, সন্দেহভাজন ৩ জনের ডিএনএ পরীক্ষার নির্দেশ