ঢাকা     সোমবার   ০৬ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৪ ১৪৩২ || ১৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

গাইবান্ধায় ইয়াবাসহ ইউপি সদস্য আটক

গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩০, ৬ এপ্রিল ২০২৬  
গাইবান্ধায় ইয়াবাসহ ইউপি সদস্য আটক

ছাইদার রহমান

গাইবান্ধায় ইয়াবাসহ ছাইদার রহমান (৫৭) নামের এক ইউপি সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

সোমবার (৬ এপ্রিল) সকালে সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ভবানীপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। 

ছাইদার রহমান ভাতগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য। তিনি ওই এলাকার মৃত আজিম উদ্দিনের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে ছাইদার রহমানের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানের সময় বাড়ি তল্লাশি করে ৪০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। ছাইদার রহমানকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক এনামুল হক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছাইদার রহমানকে একমাত্র আসামি করে মামলা করেন।

এনামুল হক বলেছেন, “ইউপি সদস্যের বাড়িতে মাদক পাওয়ায় তার বিরুদ্ধে সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ছাইদার রহমানকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।” 

স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য কেনাবেচা করছিলেন ছাইদার রহমান। তিনি সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলায় ইয়াবা সম্রাট হিসেবে পরিচিত। পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে তার সখ্য ছিল। ছাইদার মেম্বার যেহেতু ইয়াবার বড় ব্যবসায়ী, তাই তার কাছে হাজার হাজার পিস ইয়াবা থাকার কথা। ৪০ পিস ইয়াবা জব্দের বিষয়টি বিশ্বাসযোগ্য নয়।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুল ইসলাম বলেছেন, “ইউপি সদস্য ছাইদার রহমানের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।” 

ঢাকা/মাসুম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়