ঢাকা     সোমবার   ০৬ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২৪ ১৪৩২ || ১৮ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

সড়কে খুবি শিক্ষার্থীর মৃত্যু, ধরা পড়ল চালক

খুবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৮, ৬ এপ্রিল ২০২৬   আপডেট: ১৯:১৯, ৬ এপ্রিল ২০২৬
সড়কে খুবি শিক্ষার্থীর মৃত্যু, ধরা পড়ল চালক

খুলনা মহানগর পুলিশের অভিযানে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থী মৌমিতা হালদার মৃত্যুর ঘটনায় জড়িত প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে এ ঘটনায় এক আসামিকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বিষয়টি জানিয়েছেন।

আরো পড়ুন:

পুলিশ জানায়, গত ৩০ মার্চ সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের মাস্টার্সের শিক্ষার্থী মৌমিতা হালদার তার বাবার সঙ্গে রিকশায় করে কোর্ট এলাকায় যাচ্ছিলেন। তারা খুলনা সদর থানার নগর ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় জেলা পরিষদের সামনে পাকা সড়কে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি প্রাইভেটকার রিকশাটিকে ধাক্কা দেয়।

ধাক্কায় মৌমিতা রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৭টা ৫০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে খুলনা সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেবব্রত বিশ্বাস ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত গাড়িটি শনাক্ত করেন।

এরপর ৩ এপ্রিল দুপুর ১২টা ৫ মিনিটে খুলনা সদর থানার করোনেশন স্কুলের পেছনে কাজী আমিনুল হকের বাড়ির নিচতলার একটি গ্যারেজ থেকে নীল রঙের একটি টয়োটা প্রাইভেটকার (রেজিস্ট্রেশন নম্বর খুলনা মেট্রো-গ-১১-০৮৩৭) জব্দ করেন।

পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ৫ এপ্রিল সন্ধ্যা ৬টা ৫ মিনিটে গাড়িটির চালক মো. আহাদ শেখ সৈকত (২৬) কে খুলনা সদর থানার হাদিস পার্কের উত্তর গেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা/হাসিবুল/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়