ঢাকা     সোমবার   ২০ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৭ ১৪৩৩ || ২ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাসভাড়া বাড়ানোর প্রস্তাবে যাত্রীদের ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ২০ এপ্রিল ২০২৬  
বাসভাড়া বাড়ানোর প্রস্তাবে যাত্রীদের ক্ষোভ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাসভাড়া বাড়ানোর প্রস্তাবে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। তারা বলছেন, আয় না বাড়লেও নিত্যপণ্যের দাম ও যাতায়াত ব্যয় বাড়ায় জীবনধারণ কঠিন হয়ে পড়ছে।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর গুলিস্তান, ফুলবাড়িয়া, সায়দাবাদ বাস টার্মিনালে ঘুরে দেখা গেছে, বাসভাড়া বৃদ্ধির খবরে যাত্রীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

ফুলবাড়িয়া বাস স্টেশনে কথা হয় মাদারীপুরগামী যাত্রী মো. রাকিব হোসেনের সঙ্গে। তিনি রাইজিংবিডি ডটকমকে বলেন, “সপ্তাহে তিন দিন যাতায়াত করি। বাসভাড়া বাড়লে খরচ সামলানো কঠিন হয়ে যাবে। আয় তো বাড়ে না, কিন্তু খরচই শুধু বাড়ছে।”

গুলিস্তানে সাভার পরিবহনের জন্য অপেক্ষমাণ যাত্রী শারমিন আক্তার বলেন, “ডিজেলের দাম বাড়লেই ভাড়া বাড়াতে হবে, এটা কোনো সমাধান না। আমাদের দিকটাও তো দেখতে হবে। প্রতিদিনের যাতায়াতে বাড়তি টাকা দেওয়া সম্ভব না।”

সায়দাবাদ বাস টার্মিনালে কুমিল্লাগামী যাত্রী আল-আমিন বলেন, “যে ভাড়া আছে, অনেক সময় তার থেকে বেশি নেওয়া হয়। এখন আবার বাড়ানোর প্রস্তাব দিচ্ছে। তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়?”

নরসিংদীগামী যাত্রী নাজমা বেগম বলেন, “বাড়তি ভাড়া দিলে সংসারের অন্য খাতে কাটছাঁট করতে হবে। সব কিছুর দাম বাড়ছে, কিন্তু আমাদের আয় তো একই আছে।”

যাত্রীদের অভিযোগ, অনেক ক্ষেত্রে নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি আদায় করা হয়। নতুন করে ভাড়া বাড়ানো হলে তা সাধ্যের বাইরে চলে যাবে।

দূরপাল্লার বাস অপারেটর ইমাদ পরিবহনের এক কর্মকর্তা জানিয়েছেন, ভাড়া বাড়ানোর বিষয়ে এখনো কোনো সরকারি নির্দেশনা পাওয়া যায়নি। তিনি বলেন, “আগের ভাড়াতেই যাত্রী পরিবহন করা হচ্ছে।”

এদিকে, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর গতকাল রবিবার বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সদর দপ্তরে মোটরযানের ভাড়া পুনর্নির্ধারণ কমিটির একটি বৈঠক হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিআরটিএর চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর। বৈঠকে ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ানোর পরিপ্রেক্ষিতে ঢাকাসহ সারা দেশের ডিজেলচালিত বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে প্রতি কিলোমিটারে ২২ পয়সা ভাড়া বৃদ্ধির একটি প্রস্তাব এলেও তাতে সায় দেয়নি সড়ক পরিবহন মালিকদের সংগঠনের নেতারা। বৈঠকের সুপারিশ আজ সোমবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে। মন্ত্রণালয় তা অনুমোদন করলে প্রজ্ঞাপন জারি হতে পারে।

সভায় পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে নতুন ভাড়ার প্রস্তাব তুলে ধরা হয়েছে। প্রস্তাবে দূরপাল্লার বাসের ভাড়া বর্তমান কিলোমিটারপ্রতি ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৫ পয়সা করার দাবি জানানো হয়েছে। জ্বালানির মূল্যবৃদ্ধির পাশাপাশি যানবাহনের রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশ, ইঞ্জিন মেরামতসহ অন্যান্য খরচও বেড়ে গেছে, যা ভাড়ার সঙ্গে সমন্বয় করা জরুরি বলে জানিয়েছে মালিক সমিতি।

সরকার নির্ধারিত জ্বালানি তেলের নতুন দর অনুযায়ী ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা করা হয়েছে। কেরোসিন ১১২ টাকা থেকে বাড়িয়ে ১৩০ টাকা, অকটেন ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা এবং পেট্রল ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা/এমএসবি/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়