ঢাকা     সোমবার   ০৪ মে ২০২৬ ||  বৈশাখ ২১ ১৪৩৩ || ১৬ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘আইন মন্ত্রণালয়ে অনিয়ম-দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৫, ৩ মে ২০২৬   আপডেট: ২২:৩৬, ৩ মে ২০২৬
‘আইন মন্ত্রণালয়ে অনিয়ম-দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পেলেই ব্যবস্থা’

আইন মন্ত্রণালয়ের অধীন কোনো দপ্তর বা বিভাগে অনিয়ম বা দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পেলেই তা আমলে নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

রবিবার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনে আইন মন্ত্রণালয়ের অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, “আইন মন্ত্রণালয়ের অধীন দপ্তরগুলোতে সুনির্দিষ্ট কোনো দুর্নীতি, অনিয়ম বা অভিযোগ থাকলে সরাসরি আমাদের জানাতে বলেছি। আমরা এসব অভিযোগ সুনির্দিষ্টভাবে অ্যাড্রেস করব। মাঠপর্যায়ে তাদের ভিজিল্যান্ট থাকতে বলেছি। অভিযোগের ভিত্তিতে আমরা অ্যাকশন নিচ্ছি কি না, সেটাও দেখা হবে।”

সরকারের সম্পত্তি-সংক্রান্ত ফাইল দেরিতে আসার বিষয়ে দৃষ্টি রাখতে বলা হয়েছে, জানিয়ে মন্ত্রী বলেন, “জেলা প্রশাসকরা কোনো পরামর্শ দিলে তা জানাতে বলেছি, যাতে ভবিষ্যতে সমাধান করা যায়।”

অভিযোগ জানানোর জন্য আলাদা হেল্পলাইন করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, “এর জন্য আলাদা হেল্পলাইন প্রয়োজন নেই। সরকারের এক বিভাগ থেকে আরেক বিভাগের সঙ্গে সমন্বয় রয়েছে। তাই, হেল্পলাইনের প্রয়োজন হবে না।”

অধিবেশনে জেলা প্রশাসকদের কোনো প্রস্তাব ছিল না, জানিয়ে মন্ত্রী বলেন, “মামলাজট কমাতে ডিসিদের কোনো পরামর্শ থাকলে জানাতে বলেছি।”

পার্মানেন্ট প্রসিকিউশন সার্ভিসের বিষয়ে তিনি বলেন, “এটি আমাদের বিবেচনাধীন রয়েছে। আমরা এটা নিয়ে কাজ করছি।”

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়