ঢাকা     শুক্রবার   ২২ মে ২০২৬ ||  জ্যৈষ্ঠ ৮ ১৪৩৩ || ৬ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

বাড়তি ওজনই কী কাল হলো ‘বাহুবলি’ নায়িকার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৮, ২২ মে ২০২৬  
বাড়তি ওজনই কী কাল হলো ‘বাহুবলি’ নায়িকার

১৯৮১ সালের ৭ নভেম্বর, ভারতের কর্নাটকে জন্মগ্রহণ করেন অভিনেত্রী আনুশকা শেঠি। তার আসল নাম—সুইটি শেঠি। বাবা-মা এবং দুই ভাইয়ের সঙ্গে থাকতেন তিনি। বেঙ্গালুরুর একটি কলেজ থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। যোগব্যায়াম নিয়েও আলাদাভাবে প্রশিক্ষণ নিয়েছেন। ২০০৫ সালে ‘সুপার’ নামে তেলুগু ভাষার একটি সিনেমার মাধ্যমে বড়পর্দায় পা রাখেন আনুশকা। সেই সময়ই তার নাম পরিবর্তন করা হয়। সিনেমাটির প্রযোজক-পরিচালক ‘সুইটি’ নামটি পছন্দ হয়নি। কিন্তু নাম বদলে কী রাখা হবে, সেই সিদ্ধান্ত নিতে পারছিলেন না।

‘সুপার’ সিনেমায় আনুশকা মানচন্দা নামে একজন গায়িকা প্লেব্যাক করেছিলেন। শোনা যায়, সেই মুহূর্তে আনুশকা নামটি নির্মাতাদের মাথায় আসে। ‘সুইটি’ নাম বদলে রাখা হয় ‘আনুশকা’। কম সময়ের মধ্যে তামিল, তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীদের তালিকায় জায়গা করে নেন আনুশকা। 

আরো পড়ুন:

 

২০০৯ সালে ‘অরুন্ধতী’ সিনেমায় অভিনয় করে ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেন আনুশকা। বক্স অফিসে তার বেশ কয়েকটি সিনেমা বিপুল ব্যবসা করে। ‘বাহুবলী’ সিরিজে ‘দেবসেনা’ চরিত্রে আনুশকার অভিনয় দর্শকমহলে দারুণ প্রশংসা কুড়ায়। দক্ষিণী চলচ্চিত্রজগতের ‘সম্রাজ্ঞী’ তকমাও পেয়ে যান এই অভিনেত্রী। 

 

একাধিক দক্ষিণী সিনেমায় প্রভাসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন আনুশকা। দুই তারকার অনবদ্য রসায়ন দর্শকের মনে ধরেছিল। কানাঘুষা শোনা যায়, তারা সম্পর্কে রয়েছেন। কেবল তাই নয়, বিয়ের পিঁড়িতে বসার জল্পনাও শোনা যাচ্ছিল। পরে প্রভাস এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দেন—আনুশকার সঙ্গে তার প্রেমের সম্পর্ক থাকলে তা প্রকাশ পেয়ে যেত। তারা পরস্পরের ভালো বন্ধু মাত্র। 

 

পরবর্তীতে দক্ষিণী সিনেমার এক পরিচালকের সঙ্গেও নাম জড়ায় আনুশকার। ২০২০ সালের দিকে গুঞ্জন উঠেছিল, দক্ষিণী পরিচালক প্রকাশ কোভেলামুদিকে বিয়ে করতে চলেছেন আনুশকা। ‘সাইজ জিরো’ সিনেমার পরিচালক ছিলেন প্রকাশ। সিনেমাটির মুখ্যচরিত্রে অভিনয় করেন আনুশকা। 

 

গুঞ্জন রয়েছে, ‘সাইজ জিরো’ সিনেমার শুটিং সেটে প্রকাশের সঙ্গে আনুশকার বন্ধুত্ব গভীর হয়। পরে তারা সম্পর্কেও জড়ান। পরিচালকের সঙ্গে বিয়ের খবরে সংবাদের শিরোনাম হন। যদিও আনুশকা শেঠি এই খবরটিকে সম্পূর্ণ ‘মিথ্যা’ বলে উড়িয়ে দেন। পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়ে কোনোরকম গুজব না ছড়ানোর অনুরোধ করেন। কেবল তাই নয়, ভারতীয় এক ক্রিকেটারের সঙ্গে প্রেম করতেন আনুশকা। এ সম্পর্ককে পরিণয় দেওয়ার সিদ্ধান্তও নিয়ে ফেলেছিলেন তিনি। ‘রহস্যময়’ ক্রিকেটারের নাম কখনো প্রকাশ্যে আসেনি। তবে ক্রিকেটারের সঙ্গে সম্পর্কে থাকার জল্পনাকে ‘অসত্য’ বলে উল্লেখ করেছিলেন আনুশকা।

 

আনুশকার ঘনিষ্ঠ সূত্রের খবর, বহু বছর ধরে নায়িকাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল তার পরিবার। অবশেষে বিয়েতে মত দিয়েছেন তিনি। চলতি বছরই বিয়ের পিঁড়িতে বসার পরিকল্পনা রয়েছে ‘বাহুবলী’-এর দেবসেনার। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে মুখে কুলুপ এঁটেছেন এই অভিনেত্রী। তার পেশাগত জীবনের রেখাচিত্রও ক্রমশ নিম্নগামী হতে শুরু করেছে। একসময় বছরে ৮টি সিনেমায় অভিনয় করতে দেখা গিয়েছে আনুশকাকে। কিন্তু ২০২০ সালের পর এখন পর্যন্ত তার মাত্র ৩টি সিনেমা মুক্তি পেয়েছে। 

 

২০১৫ সালে রোমান্টিক-কমেডি ঘরানার ‘সাইজ জিরো’ সিনেমায় মুখ্যচরিত্রে অভিনয় করেন আনুশকা। চিত্রনাট্যের প্রয়োজনে ২০ কেজি ওজন বাড়িয়েছিলেন তিনি। কিন্তু পরে ওজন কমিয়ে ফেললেও আগের মতো শরীরি গঠন ফিরে পাননি। ওজন বেড়ে যাওয়ার কারণে আনুশকার কাজের সুযোগও কমতে শুরু করে। 

 

৪৪ বছরে পা দিয়েছেন আনুশকা। অধিকাংশের দাবি, বয়সের কারণেও তার ক্যারিয়ারে ভাটা পড়েছে। কানাঘুষো শোনা যাচ্ছে, বিয়ের পর সংসারে নিজেকে ব্যস্ত রাখতে চান তিনি। সংসার জীবনে যেন বাধা সৃষ্টি না হয়, সে কারণেও নির্মাতারা তাকে অভিনয়ের প্রস্তাব দিচ্ছেন না। তবে এই বিষয়ে আনুশকা এখনো কোনো মন্তব্য করেননি। চলতি বছরে ‘কাথানার’ নামে মালায়ালাম ভাষার একটি সিনেমা মুক্তির কথা রয়েছে। সিনেমাটির মুখ্যচরিত্রে দেখা যাবে আনুশকাকে।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়