ঢাকা     শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপির ইশতেহারে প্রধান ৯ প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ৬ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৮:০৮, ৬ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির ইশতেহারে প্রধান ৯ প্রতিশ্রুতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহারে ‘করব কাজ, গড়ব দেশ' প্রত্যয় ব্যক্ত করেছে বিএনপি। ইশতেহারের স্লোগান হলো-‘সবার আগে বাংলাদেশ'। আগামী দিনে ক্ষমতায় গেলে ইশতেহারে ৯টি প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেছে বিএনপি।

বিএনপি তাদের ইশতেহারকে ৫টি ভাগে বিভক্ত করা হয়েছে। এতে মোট ৫১টি দফাকে বিশেষ গুরুত্ব দিয়ে আগামী পাঁচ বছরের পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

আরো পড়ুন:

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর একটি হোটেলে এই ইশতেহার ঘোষণা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনি ৯ প্রধান প্রতিশ্রুতি-
১. প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারকে সুরক্ষা দিতে ‘ফ্যামিলি কার্ড' চালু করে প্রতি মাসে ২৫০০ টাকা অথবা সমমূল্যের নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করা হবে। অর্থসেবার এই পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে।
২. কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ‘কৃষক কার্ড'-এর মাধ্যমে ভর্তুকি, সহজ ঋণ, কৃষি বীমা এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাজারজাতকরণ জোরদার করা হবে। মৎস্যচাষি, পশুপালনকারী খামারি ও কৃষি খাতের ক্ষুদ্র ব্যবসায়ীরাও এই সুবিধা পাবেন।
৩. দুর্নীতিমুক্ত ও মানবিক স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে দেশব্যাপী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, জেলা ও মহানগর পর্যায়ে মানসম্মত চিকিৎসা, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা এবং রোগ প্রতিরোধমূলক কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
৪. আনন্দময় ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে বাস্তব দক্ষতা ও মূল্যবোধভিত্তিক শিক্ষানীতি প্রণয়ন, প্রাথমিক শিক্ষায় সর্বাধিক গুরুত্ব, শিক্ষক-শিক্ষার্থীদের প্রযুক্তি সহায়তা এবং ‘মিড-ডে মিল' চালু করা হবে।
৫. তরুণদের ভবিষ্যৎ নিশ্চিত করতে কর্মসংস্থান সৃষ্টি, কারিগরি ও ভাষা দক্ষতা উন্নয়ন, স্টার্টআপ ও উদ্যোক্তা সহায়তা, বৈশ্বিক ই-কমার্স প্ল্যাটফর্মে যুক্তকরণ এবং মেধাভিত্তিক সরকারি নিয়োগ নিশ্চিত করা হবে।
৬. ক্রীড়াকে পেশা ও জীবিকার মাধ্যম হিসেবে গড়ে তুলতে জেলা ও উপজেলা পর্যায়ে ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ ব্যবস্থা সম্প্রসারণ করা হবে।
৭. পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে দেশপ্রেমী জনগণের স্বেচ্ছাশ্রম ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ২০ হাজার কিলোমিটার নদী, খাল খনন ও পুনঃখনন, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপন এবং আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু করা হবে।
৮. ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে সব ধর্মের উপাসনালয়ের ধর্মীয় নেতাদের জন্য সম্মানি ও প্রশিক্ষণভিত্তিক কল্যাণ ব্যবস্থা চালু করা হবে।
৯. ডিজিটাল অর্থনীতি ও বৈশ্বিক সংযোগ বাড়াতে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম (পেপাল) চালু, ই-কমার্সের আঞ্চলিক হাব স্থাপন এবং ‘মেড ইন বাংলাদেশ' পণ্যের রপ্তানি সম্প্রসারণ করা হবে।

বিএনপি সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংযোজন করবে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “বিএনপি ক্ষমতায় গেলে সংবিধানে ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ সংযোজন করবে। সংখ্যাগরিষ্ঠতা পেলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃ প্রতিষ্ঠা করা হবে।”

তিনি বলেন, “আমরা এক ব্যক্তির দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিধান চালু করবো। তাছাড়া সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিষয়টি উন্মুক্ত করব।”

তিনি বলেন, “আমরা ৩১ দফার ভিত্তিতে উচ্চ কক্ষ গঠন করা হবে।”

দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতার’ ঘোষণা 
ইশতেহারে বলা হয়, ২০০১ সালে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশের দায়িত্ব গ্রহণের পর বিএনপি সরকার কার্যকর পদক্ষেপ নিয়ে দেশকে ওই কলঙ্ক থেকে মুক্ত করে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের তথ্য অনুযায়ী, ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে বাংলাদেশের দুর্নীতি সূচকে উন্নতি ঘটে।

বিএনপি জানায়, সরকার গঠন করলে দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি দমন আইন সংস্কার, উন্মুক্ত দরপত্র ব্যবস্থা, রিয়েল-টাইম অডিট, শক্তিশালী তথ্য অধিকার আইন এবং ডিজিটাল সেবা চালু করা হবে। ব্যবসা-বাণিজ্যে হয়রানি কমাতে ‘সিঙ্গেল-উইন্ডো ক্লিয়ারেন্স’ চালুর কথাও উল্লেখ করা হয়।

এছাড়া ন্যায়পাল নিয়োগ, সরকারি ব্যয় ও প্রকল্পে পারফরম্যান্স অডিট বাস্তবায়ন এবং বিগত ফ্যাসিস্ট আমলে পাচারকৃত অর্থ ফেরত আনতে পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশের অঙ্গীকার করা হয়েছে।

ইশতেহারে আরো বলা হয়, অন্যায় যে করে সে কোনো দলের নয়, সে শুধুই অন্যায়কারী। দেশ ও জনগণের স্বার্থে অন্যায়কারীদের আশ্রয় ও প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানানো হয়।

ইশতেহারে বলা হয়, জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দুর্নীতি দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণই হবে তাদের সরকারের প্রথম ও প্রধান অগ্রাধিকার।

অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা/আলী/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়