ঢাকা     শুক্রবার   ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়া-২: ভোট বর্জনের ঘোষণা জাতীয় পার্টির প্রার্থী জিন্নাহর

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৯, ৬ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৬:৫০, ৬ ফেব্রুয়ারি ২০২৬
বগুড়া-২: ভোট বর্জনের ঘোষণা জাতীয় পার্টির প্রার্থী জিন্নাহর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ। তিনি ওই আসনের তিন বারের সাবেক সংসদ সদস্য।

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে জিন্নাহর কর্মী-সমর্থকরা সামাজিক যোগা‌যোগমাধ‌্যম ফেসবুকে জিন্নাহর ভোট বর্জনের একটি খোলা চিঠি পোস্ট করেন।

আরো পড়ুন:

শরিফুল ইসলাম জিন্নাহ চিঠিতে অভিযোগ করেছেন, বর্তমান পরিস্থিতিতে তার নির্বাচনি এলাকায় একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ন্যূনতম পরিবেশ নেই। তার ও সমর্থক নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অনেক নেতাকর্মীকে এলাকা ছাড়া করা হয়েছে এবং সাধারণ ভোটারদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। এর ফলে শিবগঞ্জে চরম আতঙ্ক বিরাজ করছে।

চিঠিতে লাঙ্গল প্রতীকের প্রার্থী উল্লেখ করেন, রাজনীতি হওয়া উচিত উন্নয়নের প্রতিযোগিতা, প্রতিহিংসার নয়। কিন্তু বর্তমান বাস্তবতায় নির্বাচন মানে জনগণের অধিকার নিশ্চিত করা নয়, বরং ভয় ও জবরদস্তির বৈধতা দেওয়া। শিবগঞ্জবাসীর সম্মান, নিরাপত্তা ও ন্যায়ের প্রশ্নে আপস করতে না পেরেই আমি নির্বাচন বর্জনের এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

সাবেক এই সাংসদ বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত তিনি শিবগঞ্জের মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। কোনো অন্যায়ের কাছে মাথা নত না করে ন্যায় ও ন্যায্যতার পক্ষে এই বর্জন তার একটি রাজনৈতিক প্রতিবাদ।

চিঠির শেষাংশে তিনি সাধারণ ভোটারদের প্রতি শান্তি ও সত্যের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচন বর্জন মানে রাজনীতি থেকে সরে যাওয়া নয়, বরং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই অব্যাহত রাখা।

এ বিষয়ে জান‌তে শরিফুল ইসলাম জিন্নাহর সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি চিঠির সত্যতা স্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে ১২টি মামলা; নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। তারা সব ঘরছাড়া। আমার লোকজনদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। এ অবস্থায় নির্বাচনের পরিবেশ নেই বলে সরে দাঁড়ালাম।”

ঢাকা/এনাম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়