বিএনপি দুই-তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠন করবে: মাহদী আমিন
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন বলেছেন, সারাদেশ থেকে আমরা যে তথ্য পেয়েছি তাতে বিএনপি দুই-তৃতীয়াংশ আসন পেয়ে সরকার গঠন করবে ইনশাআল্লাহ।
বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর গুলশানের বিএনপি কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সংবাদ সম্মেলনে মাহদী আমিন দাবি করেন বিভিন্ন আসনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা করা হয়েছে। বিশেষ করে ঢাকা-৮, ঢাকা-১১, ঢাকা-১৩, ঢাকা-১৬ ইত্যাদি আসনে নির্দিষ্ট কিছু প্রার্থীকে জয়লাভ করার লক্ষ্যে ফলাফল বিলম্বিত করে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করা হয়।
তিনি আরও জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ ও বগুড়া-৭ আসনে জয়লাভ করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবি করা হয়, গতকাল বুধবার রাত থেকে আমাদের প্রতিপক্ষ কারচুপি জালিয়াতিসহ বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। তারপরও জনগণের ভালোবাসা ও আন্তরিক সমর্থনে সেই অপচেষ্টা ব্যর্থ হয়ে গেছে।
তিনি আরও জানান, সারা দেশে ধানের শীষের প্রার্থীরা বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন ও এগিয়ে রয়েছেন।
তিনি আরও দাবি করেন, আমাদের প্রতিপক্ষ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ব্যবধান কমানোর চেষ্টা করেছে কিন্তু ধানের শীষের অপ্রতিরোধ্য বিজয়ের ফলে সেটি ব্যর্থ হয়ে গেছে।
ঢাকা/ আলী