সংসদে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান আছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ
স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, “রাষ্ট্রপতি কোনো ব্যক্তি নন, তিনি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার স্পষ্ট বিধান রয়েছে।”
শুক্রবার (৬ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনকে সামনে রেখে দলীয় সংসদ সদস্যদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “নতুন সংসদকে স্মরণীয় সংসদে পরিণত করতে চায় সরকার। এই সংসদের প্রতি জাতির প্রত্যাশা অনেক বেশি। বিশেষ করে, সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা ও প্রত্যাশা তৈরি হয়েছে, তা বাস্তবায়নের জন্য জাতীয় সংসদকে আরো শক্তিশালী ও কার্যকর করতে হবে।”
তিনি বলেন, “গণতান্ত্রিক চর্চা জোরদার করতে সংসদে সব দলের অংশগ্রহণ ও সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ। সংসদকে কার্যকর করতে সরকার সব সময় গঠনমূলক রাজনীতিকে উৎসাহিত করছে।”
বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ডেপুটি স্পিকারের পদে প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে বিরোধী দলকে লিখিতভাবে প্রস্তাব দেওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। তবু, সরকার রাজনৈতিক উদারতার পরিচয় দিয়ে সেই সুযোগ দিয়েছে।”
তিনি আরো বলেন, “আমরা উদারতা দেখিয়েছি। আশা করি, জামায়াতে ইসলামীও বিষয়টি উদারভাবে গ্রহণ করবে এবং সংসদের কার্যক্রমকে আরো ফলপ্রসূ করতে সহযোগিতা করবে।”
ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমকে গণতান্ত্রিক ও ফলপ্রসূ করতে সরকার ও ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের প্রস্তুত করার লক্ষ্যেই এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এতে দলীয় সংসদ সদস্যরা অংশ নেন। প্রশিক্ষণকালে সংসদ পরিচালনা, আইন প্রণয়ন ও সংসদীয় কার্যক্রম সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।
ঢাকা/আলী/রফিক