মাহফুজ আলম-তাজনুভার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অল্টারনেটিভস’
মাহফুজ আলম ও তাজনুভা জাবীন
অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ও সাবেক এনসিপি নেত্রী ডা. তাজনুভা জাবীন প্রধানের নেতৃত্বে 'অল্টারনেটিভস' একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) ‘অল্টারনেটিভস’ নামের এই রাজনৈতিক প্ল্যাটফর্মের ১৭ সদস্যের ন্যাশনাল অর্গানাইজিং কমিটি ঘোষণা করা এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে। এরপর অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে ‘অল্টারনেটিভস' এর বিজ্ঞপ্তিটি শেয়ার করেন।
বিজ্ঞপ্তির বলা হয়, দেশের তরুণদের রাজনীতিতে ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করা, জুলাইয়ের ছাত্র-জনতার হৃত স্বপ্ন পুনরুদ্ধার করা এবং দায় ও দরদের বাংলাদেশ গড়ার জন্য সারা দেশের ছাত্র-নাগরিকদের পুনর্গঠন করার লক্ষ্য নিয়ে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম অল্টারনেটিভস এই কমিটি গঠন করেছে৷
নবগঠিত এই কমিটির সদস্যরা সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, তাঁদের প্রধান দায়িত্ব হবে দেশের বিভিন্ন অঞ্চলে রাজনীতি-সচেতন তরুণদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা, জুলাইয়ের শহীদ পরিবার, আহত যোদ্ধা ও নীরবে থাকা সক্রিয় আন্দোলন কর্মীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে নতুন নেতৃত্ব গড়ে তোলা এবং একই সঙ্গে একটি দায়িত্বশীল ও অংশগ্রহণমূলক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনকে সারা দেশে বিস্তৃত করা। এই প্ল্যাটফর্ম আগামী দিনে দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে।
এই কমিটির সদস্যরা পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় সাংগঠনিক যোগাযোগ ও সংলাপের মাধ্যমে ছাত্র-শ্রমিক-কৃষক-জনতাকে এক করে সাংগঠনিক কাঠামো গড়ে তোলার কাজ এগিয়ে নেবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মাহফুজ আলম ছাড়া অল্টারনেটিভসের ন্যাশনাল অর্গানাইজিং কমিটির অন্য সংগঠকেরা হলেন, আহমদ ইবনে আরিফ (অনি), ইমন সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, তাজনুভা জাবীন, দুর্জয় দাশ গুপ্ত, ফরহাদুল আলম সবুজ, মায়িদা তানহা বিদুষী, মুতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, মো. রায়হানুর রহমান (রাবি), মোহাম্মাদ এরফানুল হক, সাজ্জাদ হোসেন শহীদুল্লাহ, শেখ ফরিদ ও হাসান আলী। তাঁদের মধ্যে তাজনূভা জাবীন ও হাসান আলী এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক, ইমন সৈয়দ দলটির সাবেক যুগ্ম মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল)।
সাংগঠনিক প্রয়োজনের ভিত্তিতে পরে ন্যাশনাল অর্গানাইজিং কমিটির সদস্যসংখ্যা ধারাবাহিকভাবে বৃদ্ধি করা হবে বলে উল্লেখ করা হয়েছে অল্টারনেটিভসের সংবাদ বিজ্ঞপ্তিতে।
ঢাকা/রায়হান/ইভা