সংসদের খারাপ সংস্কৃতি আমরা মুছে দেব: সালাহউদ্দিন আহমদ
শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ
সংসদের নেতিবাচক ও খারাপ সংস্কৃতি মানুষের মন থেকে মুছে ফেলার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সংবিধান, রুলস অব প্রসিডিউর, সংসদের রীতি-নীতি ও কনভেনশনসহ বিভিন্ন বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি বিশ্বের শক্তিশালী গণতান্ত্রিক দেশগুলোর সংসদীয় চর্চা নিয়েও তাদের অবহিত করা হয়েছে।”
তিনি বলেন, “আশা করি, আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি আশ্বস্ত হবে। তারা বলবে এমন একটি সংসদই তারা দেখতে চেয়েছিল। অতীতে সংসদে যে নেতিবাচকতা তৈরি হয়েছিল, তা মানুষের মন থেকে আমরা মুছে দিতে চাই।”
নবীন সংসদ সদস্যদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, “যারা প্রথমবার নির্বাচিত হয়েছেন, তারা নতুনভাবে যাত্রা শুরু করবেন এবং ভালোভাবে শিখবেন। তাদের মধ্যে যদি কোনো খারাপ সংস্কৃতি না থাকে, তবে তারা ইতিবাচক শিক্ষা গ্রহণ করতে পারবেন।”
তিনি বলেন, “একটি শিশু যেমন জন্মের পর সতেজ পরিবেশে নতুন সংস্কৃতি শেখে, ঠিক তেমনি নবীন সংসদ সদস্যদেরও সেভাবে প্রস্তুত করার চেষ্টা করা হচ্ছে।”
জনপ্রত্যাশা পূরণে সংসদ সদস্যদের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম, বিধি-বিধান ও সংসদীয় আচরণবিধি সম্পর্কে ধারণা দিতে দুই দিনের এই কর্মশালার আয়োজন করা হয়েছে।
কর্মশালায় সকালের সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের এবং ফরিদপুর জেলার সংসদ সদস্যরা অংশ নেন। বিকেলের সেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা অংশ নেবেন।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।
কর্মশালায় অভিজ্ঞ সাবেক আমলা, সাবেক সংসদ সদস্যরা অংশ নিয়ে সংসদ সদস্যদের দায়িত্ব, সংসদীয় রেওয়াজ এবং মন্ত্রণালয় পরিচালনায় কৌশলগত ভূমিকা সম্পর্কে দিকনির্দেশনা দিচ্ছেন।
ঢাকা/আলী/ইভা