দেশে ৪ কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত
দেশে প্রায় ৪ মানুষ কিডনি রোগে আক্রান্ত বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। প্রতি বছর প্রায় ৪০ হাজার রোগী কিডনি বিকলের কারণে ডায়ালাইসিসের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। এছাড়া, আরো ২৪ থেকে ৩০ হাজার রোগীর হঠাৎ কিডনি বিকল হয়ে সাময়িক ডায়ালাইসিস প্রয়োজন হয়।
বিশ্ব কিডনি দিবস উপলক্ষে শনিবার(৭ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে ‘জলবায়ু পরিবর্তন ও কিডনি রোগ: ঝুঁকি ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব তথ্য তুলে ধরা হয়। বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন কিডনি এওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস) এ অনুষ্ঠানের আয়োজন করে।
গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাম্পসের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. এম এ সামাদ।
তিনি বলেন, “বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী কিডনি রোগ বিশ্বব্যাপী মৃত্যুর অন্যতম প্রধান কারণ হয়ে উঠছে। বর্তমানে বিশ্বে প্রায় ৮৫ কোটি মানুষ দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত।”
তিনি বলেন, “বাংলাদেশেও কিডনি রোগ দ্রুত বাড়ছে এবং এটি এখন বড় জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, সংক্রমণ, ভেজাল খাদ্য, কীটনাশকের ব্যবহার এবং অস্বাস্থ্যকর জীবনযাপন কিডনি রোগ বৃদ্ধির অন্যতম কারণ।”
জলবায়ু পরিবর্তনের প্রভাবও কিডনি রোগের ঝুঁকি বাড়াচ্ছে জানিয়ে তিনি বলেন, “তাপপ্রবাহের কারণে পানিশূন্যতা, উপকূলীয় এলাকায় লবণাক্ততা বৃদ্ধি এবং বিশুদ্ধ পানির সংকট কিডনির ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।”
বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, “কিডনি রোগীর সংখ্যা এখন প্রায় ৪ কোটি, প্রধানত ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এর কারনে তা দ্রুত বাড়ছে এবং ডায়ালাইসিস এর সুযোগ ৬৫ শতাংশই ঢাকাতে কেন্দ্রিভূত।” সরকার দ্রুত ঢাকার বাইরে জেলা পর্যায় ডায়ালাইসিসের সুযোগ সম্প্রসারিত করার উদ্যোগ নিয়েছে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কিডনি বিকলের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় অনেক পরিবার আর্থিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। তাই চিকিৎসার পাশাপাশি প্রতিরোধ ও সচেতনতার ওপর গুরুত্ব দেওয়া জরুরি।
বৈঠকে বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. হারুন-উর-রশিদ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব জোবায়দা বেগম, পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি অব বাংলাদেশ সভাপতি অধ্যাপক ডা.আফরোজা বেগম, জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজসহ কিডনি রোগ প্রতিরোধে বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঢাকা/এমএসবি/ইভা