ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উয়েফা নেশন্স লিগের ফাইনালে নেদারল্যান্ডস

শামীম হোসেন পাটোয়ারি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৩৬, ৭ জুন ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
উয়েফা নেশন্স লিগের ফাইনালে নেদারল্যান্ডস

ক্রীড়া ডেস্ক: মর্যাদার উয়েফা নেশন্স লিগের ফাইনালে উঠেছে নেদারল্যান্ডস। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত খেলে শেষ হাসি হেসেছে ডাচরা। পুরো ম্যাচে দুর্দান্ত খেললেও অতিরিক্ত সময়ে নিজেদের হাস্যকর ভুলে পিছিয়ে পড়ে ইংল্যান্ড।

পর্তুগালের গিমারাইসে বৃহস্পতিবার রাতে দ্বিতীয় সেমিফাইনালে ৩-১ গোলে জিতেছে নেদারল্যান্ডস। প্রথমার্ধে মার্কাস রাশফোর্ডের গোলে ডাচরা পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে সমতা টানেন মাতাইস দি লিট। এই নিয়ে পঞ্চমবারের মতো প্রতিযোগিতামূলক টুর্নামেন্টের ফাইনাল খেলতে যাচ্ছে ১৯৮৮ সালের ইউরো চ্যাম্পিয়নরা।

আগামী রোববার পোর্তোয় প্রতিযোগিতাটির অভিষেক আসরের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে পর্তুগাল ও নেদারল্যান্ডস। বুধবার প্রথম সেমি-ফাইনালে ক্রিস্তিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে সুইজারল্যান্ডকে একই ব্যবধানে হারায় বর্তমান ইউরোপ চ্যাম্পিয়নরা।

আক্রমণ আর পাল্টা আক্রমণের ম্যাচে ৩২তম মিনিটে রাশফোর্ডের সফল স্পট কিকে এগিয়ে যায় ইংল্যান্ড। ডি-বক্সে ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ডকে আয়াক্স ডিফেন্ডার দি লিট ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। বিরতির পরও প্রতিপক্ষের রক্ষণে চাপ ধরে রাখা নেদারল্যান্ডস ৭৩তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়। মেমফিস ডিপাইয়ের কর্নারে সবার উপরে লাফিয়ে হেডে দলকে সমতায় ফেরান দি লিট।

৯৭তম মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে ডিফেন্ডার জন স্টোনস বল ক্লিয়ার না করে সময় নষ্ট করলে তার পা থেকে বল কেড়ে নিয়ে শট নেন ডিপাই। গোলরক্ষক থামানোর চেষ্টা করলেও কুইন্সি প্রোমেসের শটে বল কাইল ওয়াকারের পায়ে লেগে জালে জড়ায়।

ম্যাচের ১১৪তম মিনিটে ইংলিশ ডিফেন্ডার স্টোনস বল বিপদমুক্ত না করে ডি-বক্সের মুখে সতীর্থ রস বার্কলিকে পাস দেন! চেলসির এই মিডফিল্ডার আবার অবাক করে দিয়ে ডি-বক্সেই বল বাড়ান আর তা ধরে পেনাল্টি স্পটের কাছে বাড়ান ডিপাই। জোরালো শটে ফাঁকা জালে বল পাঠিয়ে জয় নিশ্চিত করেন সেভিয়ার ফরোয়ার্ড প্রোমেস।


রাইজিংবিডি/ঢাকা/৭ জুন ২০১৯/শামীম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়