তামিমের শো’র অতিথি রোহিত শর্মা
ফাফ ডু প্লেসিসের পর রোহিত শর্মাকে নিজের লাইভ অনুষ্ঠানে নিয়ে আসছেন তামিম ইকবাল।
করোনার এই প্রাদুর্ভাবে মানুষকে কিছুটা বিনোদিত করতে, আতঙ্ক-ভয় থেকে মুক্ত রাখতে অনলাইনে লাইভ আড্ডার আয়োজন করেছেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট দলের ‘পঞ্চপাণ্ডবের’ মধ্যে সাকিব ছাড়া মাশরাফি, মুশফিক, মাহমুদউল্লাহকে নিয়ে আড্ডায় মেতেছেন তিনি।
জুনিয়রদের মধ্যে তাসকিন ও রুবেলকে নিয়ে করেছেন আরেকটি লাইভ সেশন। সর্বশেষ লাইভে ছিলেন বাংলাদেশের প্রাক্তন তিন ক্রিকেটার ও বর্তমান বোর্ড পরিচালক নাঈমুর রহমান দূর্জয়, হাবিবুল বাশার সুমন ও খালেদ মাহমুদ সুজন। আগামীকাল বুধবার তাঁর অতিথি হয়ে আসবেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ফাফ ডু প্লেসিস। রাত সাড়ে দশটায় আন্তর্জাতিক ক্রিকেটের দুই তারকা আড্ডায় মাতবেন।
জানা গেছে, আগামী শুক্রবার তামিমের অতিথি হয়ে আসবেন রোহিত শর্মা। ভারতের ক্রিকেটারের সঙ্গে আজই কথা পাকাপাকি করেছেন তামিম। তামিম জানিয়েছেন ভালো একটি আড্ডার অপেক্ষায় তিনি। আশা করছেন দর্শকরাও রোহিতের সঙ্গে লাইভ আড্ডা দারুণ উপভোগ করবেন।
ঢাকা/ইয়াসিন
রাইজিংবিডি.কম