বিপিএলে খেলতে আগ্রহী ডু প্লেসিস
বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি প্রতিযোগিতা বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলার আগ্রহ দেখিয়েছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ফাফ ডু প্লেসিস।
বিপিএলের সাত আসর অনুষ্ঠিত হলেও মারকুটে ব্যাটসম্যান ডু প্লেসিসকে পাওয়া যায়নি কখনো। প্লেয়ার্স ড্রাফটেও ছিলেন না এ প্রোটিয়া ক্রিকেটার। তবে কথা দিয়েছেন বিপিএলে এসে দর্শক মাতাবেন তিনি।
বুধবার রাতে তামিমের নিয়মিত লাইভ আড্ডার অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন ফাফ ডু প্লেসিস। প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে তামিম হাজির করেন ডু প্লেসিসকে। সেখানে বিপিএল নিয়ে কথা হয় দুজনের।
বিপিএল টিভির পর্দায় দেখা হয়েছে কিনা জানতে চাইলে ডু প্লেসিস বলেন,‘দক্ষিণ আফ্রিকায় বড় পরিসরে বিপিএল দেখার সুবিধা নেই। বিভিন্ন সময়ে আমি ক্রিক-ইনফোতে বিপিএলের খোঁজখবর রেখেছি। যেসব খেলোয়াড়দের সঙ্গে আমার উঠা-বসা আছে তাদের অনুসরণ করার চেষ্টা করেছি। তবে সরাসরি দেখার সুযোগ হয়নি।’
তামিম এক পর্যায়ে পরবর্তী বিপিএলে তাঁর দলে খেলার আমন্ত্রণ জানান ডু প্লেসিসকে। নিজের আগ্রহের আছে জানিয়ে এ প্রোটিয়া ক্রিকেটার বলেন,‘আমি তো তোমাকে আগেও বলেছি...আমি অবশ্যই কোনও না কোনও সময় বিপিএল খেলতে আসব। কিছু বিষয় নিয়ে তো এখানে কথা বলা যায় না (হাসি)। তবে আমি অবশ্যই খেলতে আসতে চাইবো।’
বিপিএলের প্রতি আসরেই দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা অংশগ্রহণ করে আসছেন। প্রোটিয়া ক্রিকেটের সবচেয়ে বড় তারকা এবি ডি ভিলিয়ার্সও খেলেছেন। নিকট ভবিষ্যতে ডু প্লেসিসকেও দেখা যেতে পারে এ টুর্নামেন্টে।
ঢাকা/ইয়াসিন
রাইজিংবিডি.কম