ব্যাট নিলামে তুলবো না, নিজ থেকেই সাহায্য করবো: আশরাফুল
করোনা যুদ্ধে এগিয়ে আসতে, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিজের ঐতিহাসিক দুটি ব্যাট নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি।
সম্প্রতি মুশফিকের রহিমের প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানো ব্যাটটি নিলামে তোলা হয়েছিল। কিন্তু প্রচুর ভুয়া বিড করা হয়েছে ব্যাটটির জন্য। আকাশচুম্বি দাম হাঁকানো হয়েছে। সবশেষ তথ্য অনুযায়ী ব্যাটটির জন্য ৪২ লাখ টাকা বিড করা হয়েছে। পরে আয়োজকরা খোঁজ খবর নিয়ে দেখে সেটা ছিল ভুয়া বিড। মুশফিকের নিলামের ‘অনাকাঙ্ক্ষিত’ ঘটনার কারণে নিজের ব্যাট নিয়ে নিলাম কার্যক্রম সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন আশরাফুল।
বৃহস্পতিবার বিকেলে আশরাফুল বলেছেন,‘ব্যাটটা নিলামে তুলে মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু যেভাবে ভুয়া বিডার পরিবেশ নষ্ট করছে সেটা মোটেও ভালো লাগছে না। স্বস্তিও পাচ্ছি না। তাই আগ্রহ হারিয়ে ফেলেছি। সবচেয়ে বড় কথা এই প্রক্রিয়াটা আমার কাছে পরিষ্কার নয়। এখন পর্যন্ত যতটুকু পেরেছি মানুষকে সাহায্য করেছি। ব্যাট বিক্রি হলে আরও বেশি করতাম। এখন সিদ্ধান্ত নিয়েছি নিজের থেকেই আরও করে যাবো। ব্যাটগুলো আর বিক্রি করবো না। দেখা যেত ব্যাটের যে মূল্য তাঁর অর্ধেকও পেতাম না। তার থেকে ভালো আমি নিজেই সাহায্য করি।’
নিজের অভিষেক টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে শতক হাঁকিয়েছেন আশরাফুল। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৬ বছর। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ ডেব্যুটান্ট হিসেবে সে ম্যাচে শতক পেয়েছেন আশরাফুল। এছাড়া ২০০৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে কার্ডিফে যে সেঞ্চুরি পেয়েছিলেন সেই ব্যাটটিও নিলামে তুলতে আগ্রহী ছিলেন আশরাফুল। কিন্তু ভুয়া দরের কারণেই আশরাফুল আগ্রহ হারিয়ে ফেলেছেন।
ঢাকা/ইয়াসিন
রাইজিংবিডি.কম