ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড সফরে চোখ বিসিবির

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:১৪, ২২ জুলাই ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড সফরে চোখ বিসিবির

করোনাভাইরাসের ধাক্কায় বাংলাদেশের আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা সফর স্থগিত হয়েছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় দুইটি সফর নিয়ে নতুন করে স্বাগতিক বোর্ডের সঙ্গে আলোচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির আশা শিগগিরিই দুই সফরের দিনক্ষণ চূড়ান্ত হতে পারে।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী বলেন, ‘আমাদের এখানে পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। এজন্য দেশের বাইরে সফর করতে আমরা আলোচনা করছি। বাংলাদেশের শ্রীলঙ্কা সফর যত দ্রুত সম্ভব নিশ্চিত করতে চাই আমরা। যদি শ্রীলঙ্কা সফর চূড়ান্ত হয় তাহলে আমাদের পুনরায় মাঠে নামার সুযোগ হবে। এছাড়া আয়ারল্যান্ডের আবহাওয়া আমাদের জন্য সহনশীল হলে আমরা সেখানেও খেলার চিন্তা করতে পারি।’

এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত হওয়ায় ক্রিকেটারদের মাঠে ফেরার অপেক্ষা আরও বেড়েছে। মধ্য আগস্টে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প শুরুর ইচ্ছে বোর্ডের। ঘরের মাঠে কোনো সিরিজ আয়োজন না করে দেশের বাইরে স্থগিত হওয়া সফরে যাওয়ার ইচ্ছে বিসিবির।

এজন্য শ্রীলঙ্কাকেই সবচেয়ে নিরাপদ ভাবছে বিসিবি। পাশাপাশি আয়ারল্যান্ড সফর নিয়ে কথা হচ্ছে। একটি ওয়ানডে ও একটি টেস্ট খেলতে এপ্রিলে পাকিস্তান যাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু করোনার কারণে সেই সফরও স্থগিত হয়েছে। আপাতত পাকিস্তান সফর নিয়ে ভাবছে না বোর্ড।

জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টেস্ট খেলার কথা ছিল বাংলাদেশের। দুই দলের টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন টেস্ট স্থগিত হয়েছে। শ্রীলঙ্কার বাংলাদেশকে আতিথেয়তা দেওয়ার ইচ্ছে থাকলেও করোনা পরিস্থিতিতে ঝুঁকি নিতে রাজি হয়নি বাংলাদেশ। এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছে শ্রীলঙ্কা। দ্বীপরাষ্ট্রে শুরু থেকে কারফিউ জারি করায় করোনা আক্রান্ত ছিল নিয়ন্ত্রণে। এখন পর্যন্ত সেখানে করোনা ধরা পড়েছে ২৭৩০ জনের। মৃত্যুর সংখ্যা ১১ জন।

পাশাপাশি ঘরোয়া ক্রিকেট চালু করতেও পরিকল্পনা করছে বিসিবি। নিজামউদ্দীন চৌধুরী বলেন, ‘আন্তর্জাতিক সফরের পাশাপাশি আমরা ঢাকা প্রিমিয়ার লিগ ও বিপিএল নিয়েও চিন্তা করছি। যদি সম্ভব হয় আমরা টুর্নামেন্টগুলো আয়োজনের প্রস্তুতি নেব।’


ঢাকা/ইয়াসিন/কামরুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়