আইপিএলের ইতিহাসের সবচেয়ে দামি ক্রিকেটার হয়ে মরিস যা বললেন
ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই অর্থের ছড়াছড়ি। আর সেখানে যদি সবচেয়ে দামি ক্রিকেটারের হওয়া যায় তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ভরে যাবে অর্থের ঝনঝনানিতে।
দক্ষিণ আফ্রিকার হয়ে ২৩ টি-টোয়েন্টি খেলা পেস অলরাউন্ডার ক্রিস মরিসের ক্ষেত্রে তাই হয়েছে। এবারের আসরের নিলামে আইপিএলের ইতিহাসের রেকর্ড দামে তাকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। ৭৫ লাখ ছিল তার বেইস প্রাইস। চার দলের টানাটানিতে মরিস রাজস্থানে ১৬ কোটি ২৫ লাখ রুপিতে বিক্রি হন। যা আইপিএলের নিলামে সর্বোচ্চ।
এতো দাম দিয়ে যাকে কেনা হলো তার প্রতিক্রিয়া কেমন? অর্থ প্রসঙ্গে মরিস কিছুই বলেননি। রাজস্থানে ফিরে তিনি খুশি। মরিস বলেন, ‘আমি খুবই ভাগ্যবান রাজস্থানে পুনরায় যুক্ত হতে পেরে। আমি ক্যারিয়ারের সেরা সময় সেখানে কাটিয়েছি এখানে। অবিশ্বাস্য খুশি এ কারণে যে, আমরা দারুণ একটি স্কোয়াড পেয়েছি। পুরোনো কিছু বন্ধু পেয়েছি যাদের সঙ্গে একই জার্সিতে মাঠে নামতে মুখিয়ে থাকবো।’
৩৩ বছর বয়সী মরিস আগেও খেলেছেন রাজস্থানে। ২০১৫ সালে ১১ ম্যাচ খেলে ১৩ উইকেট শিকারের পাশাপাশি করেন ৩১১ রান। তবে সবচেয়ে বেশি সময় থেকেছেন দিল্লি ক্যাপিটালসে। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ছিলেন গতবারের রানার্স আপ দলটির সঙ্গে।
সব মিলিয়ে আইপিএলে ৭০ ম্যাচে ১৫৭.৮৮ স্ট্রাইক রেটে ৫৫১ রান ও ৭.৮১ ইকোনমি রেটে ৮০ উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার। গত আসরে ৬.৬৩ ইকোনমি রেটে ১১ উইকেট নেন, এরপর আর কোনও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলেননি।
রাজস্থান ২০০৮ সালে প্রথম আইপিএলের শিরোপা জিতেছিল। এরপর কোনো ফাইনাল খেলতে পারেনি। মরিসসহ এবার তারা বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকেও নিয়েছে। দেখার বিষয়, ফাইনালের ভাগ্য খুলে নাকি তাদের।
ঢাকা/ইয়াসিন
দেশে হাম ও হামের উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু