ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন রিচার্ডসন

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ২২ মার্চ ২০২২  
অস্ট্রেলিয়ার পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন রিচার্ডসন

কেন রিচার্ডসন

পাকিস্তানে সীমিত ওভারের সিরিজ খেলতে দেশ ছাড়ার ঠিক আগে ধাক্কা খেল অস্ট্রেলিয়া। তারকাশূন্য দলের সবচেয়ে অভিজ্ঞ পেস বোলার কেন রিচার্ডসন চোট পেয়ে ছিটকে গেছেন এই সফর থেকে।

হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে তিন ওয়ানডে ও এক টি-টোয়েন্টির সিরিজে খেলা হচ্ছে না রিচার্ডসনের। লাহোরের উদ্দেশে উড়াল দেওয়ার আগে মেলবোর্নে ট্রেনিংয়ের সময় চোট পান তিনি।

আরো পড়ুন:

ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানায়, রিচার্ডসনের ইনজুরি ততটা গুরুতর নয়। কিন্তু আটদিনের মধ্যে চার ম্যাচ, এই স্বল্প সময়ে রিচার্ডসনের ভালোর জন্যই তাকে বাসায় থাকা উচিত।

রিচার্ডসনের স্থলাভিষিক্ত হচ্ছেন নিউ সাউথ ওয়েলসের বাঁহাতি বেন ডোয়ারহুইস। সিডনি সিক্সার্সের হয়ে বিগ ব্যাশ লিগ খেলা এই পেসার কখনো আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি। তবে ২০১৭-১৮ মৌসুমের ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছিলেন। লিস্ট ‘এ’ ক্রিকেটে মাত্র ৯ ম্যাচ খেলেই ওয়ানডেতে অভিষিক্ত হওয়ার অপেক্ষায় ডোয়ারহুইস।

রিচার্ডসনের অনুপস্থিতিতে পেস আক্রমণে জেসন বেহরেনডর্ফ ও শন অ্যাবটের সঙ্গে থাকছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকেই হ্যাটট্রিক করা প্রথম ক্রিকেটার নাথান এলিস।

অলরাউন্ডার হিসেবে আছেন মিচেল মার্শ, মার্কাস স্টয়নিস ও ক্যামেরন গ্রিন। মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্স টেস্ট শেষে বিশ্রাম পাচ্ছেন। হ্যাজেলউড ও কামিন্স দুজনেই আসন্ন আইপিএলে খেলবেন। ২৯ ও ৩১ মার্চ এবং ২ এপ্রিল লাহোরে হবে ওয়ানডে সিরিজ।

গত বছর অস্ট্রেলিয়া কেবল তিনটি ওয়ানডে খেলেছিল, ওয়েস্ট ইন্ডিজ সফরে। এই মৌসুমে নিউ জিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ স্থগিত হয়। ওয়ানডে সুপার লিগে তারা তিন সিরিজের সবগুলো জিতেছে ইংল্যান্ড, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে।

ঢাকা/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়