ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওয়ালটন ঢাকার স্কোয়াডে যোগ দিলেন তিন বিদেশি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৬, ২১ অক্টোবর ২০২২   আপডেট: ২৩:০১, ২১ অক্টোবর ২০২২
ওয়ালটন ঢাকার স্কোয়াডে যোগ দিলেন তিন বিদেশি

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হকি টুর্নামেন্ট ‘হকি চ্যাম্পিয়নস ট্রফি-২০২২’ কে সামনে রেখে ওয়ালটন ঢাকা নিয়মিত অনুশীলন করছে গেল শুক্রবার থেকে। আজ অষ্টম দিনেও চলে ওয়ালটন ঢাকার অনুশীলন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত দেশি ও বিদেশি কোচের তত্ত্বাবধানে ঘাম ঝরান ওয়ালটন ঢাকার খেলোয়াড়রা।

এদিকে বিদেশি কোচের পর বিদেশি খেলোয়াড়রাও ওয়ালটন ঢাকার স্কোয়াডে যোগ দিতে শুরু করেছে। চারজন বিদেশির ইতোমধ্যে তিনজন ঢাকায় এসেছেন এবং দলের সঙ্গে যোগ দিয়েছেন। আজ শুক্রবার তারা অনুশীলনও করেছেন।

আরো পড়ুন:

এ বিষয়ে ওয়ালটন ঢাকার দেশি কোচ জাহিদ হোসেন রাজু রাইজিংবিডিকে বলেছেন, ‘ইতোমধ্যে তিনজন বিদেশি খেলোয়াড় আমাদের দলে যোগ দিয়েছে। তাদের মধ্যে দুইজন মালয়েশিয়ার ও একজন ইন্দোনেশিয়ার। ওয়ালটন ঢাকার বিদেশি আইকন এসভি সুনীল সোমবার দলের সঙ্গে যোগ দিবে।’

তিনি আরও জানান ওয়ালটন ঢাকার সব খেলোয়াড় সুস্থ আছেন এবং আসন্ন টুর্নামেন্টের জন্য নিজেদের খুব ভালোভাবে প্রস্তুত করছেন।

দলে যোগ দেওয়া তিন বিদেশি হলেন ‘এ’ ক্যাটাগোরির মালয়েশিয়ান ডিফেন্ডার/মিডফিল্ডার মোহাম্মদ আজরি হাসান, ‘বি’ ক্যাটাগোরির মালয়েশিয়ান মিডফিল্ডার আব্দুল খালিক হামিরিন ও ইন্দোনেশিয়ার ফরোয়ার্ড আলফান্দি আলি সুরিয়া।

ওয়ালটন ঢাকার স্কোয়াড:
আশরাফুল ইসলাম (ডিফেন্ডার), এসভি সুনীল (ফরোয়ার্ড), আবু সাঈদ নিপ্পন (গোলরক্ষক), রকিবুল হাসান রকি (ফরোয়ার্ড), শফিউল আলম শিশির (রক্ষণভাগ), মেহরাব হোসেন সামিন (মিডফিল্ড), আবেদ উদ্দিন (মিডফিল্ড), মোহাম্মদ আজরি হাসান (মিডফিল্ড/ডিফেন্ডার), আব্দুল খালিক হামিরিন (মিডফিল্ডার), আলফান্দি আলি সুরিয়া (ফরোয়ার্ড), আমান শরিফ (মিডফিল্ড), আল-আমিন (গোলরক্ষক), রাতুল আহমেদ অনিক (ডিফেন্ডার), মাইনুল ইসলাম কৌশিক (ফরোয়ার্ড), মোহাম্মদ আব্দুল্লাহ (আক্রমণভাগ), মো. হোজাইফা হোসেন (মিডফিল্ড) ও মো. তৈয়ব আলী (মিডফিল্ড)।

বিদেশি কোচ: সাইফুল আজলি বিন আব্দুল রহমান (মালয়েশিয়া)।
দেশি কোচ: জাহিদ হোসেন রাজু।
ম্যানেজার: এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)।

আগামী ২৮ অক্টোবর হকির ফ্র্যাঞ্চাইজি যুগে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করবে বাংলাদেশ। যা চলবে ১৭ নভেম্বর পর্যন্ত। টি স্পোর্টসের পাশাপাশি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাবে হকি চ্যাম্পিয়নস ট্রফির জমজমাট লড়াই।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়