এর থেকে বড় কিছু চাওয়ার নেই: লিটন
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম
জয়ের ব্যাবধান আসলে এতোটা বড় যে পরাজিত দলের জন্য স্রেফ তা বিব্রতকর। আর জয় পাওয়া দল তাতে খুঁজে নেয় প্রাপ্তির সব রসদ। লিটন দাস নিজের প্রথম অধিনায়কত্বে আফগানিস্তানকে ৫৪৬ রানের বিশাল ব্যবধানে হারের লজ্জা দিয়েছেন। রানের হিসেবে নিজেদের ২৩ বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে যা সবচেয়ে বড় জয়। আর ১৪৬ বছরের আন্তর্জাতিক টেস্ট ইতিহাসের তৃতীয় বৃহত্তম জয়।
পরিসংখ্যান আজব এক আনন্দ দেয়। বড় সাফল্যে হাসায়, ব্যর্থতায় কষ্ট বাড়ায়। ৫৪৬ রানের ব্যবধান লিটনের মুখে এঁকে দিয়েছে চড়া হাসি। তাইতো সংবাদ সম্মেলনে বলতে দ্বিধা করেননি, ‘এটা টেস্ট ক্রিকেটে বড় অর্জন। এরকম জিততে পারলে এর থেকে বড় কিছু চাওয়ার থাকতে পারে না। অধিনায়ক হিসেবে এর থেকে বড় ব্যবধানে (জয়) চাইতে পারেন না কখনো।’
সাফল্যের এই কৃতিত্ব লিটন দিলেন সবাইকে, ‘এই কৃতিত্ব সবার। ব্যাটসম্যানদের কথা বলতে গেলে, এই উইকেটে ব্যাটিং সহজ ছিল না। শান্ত আর জয় যেভাবে আক্রমণাত্মক মেজাজে ব্যাট করেছে সেটা খেলার ভিত অনেকটাই গড়ে দিয়েছিল। তখন আমার মনে হচ্ছিল আমরা শক্ত অবস্থানে চলে যাচ্ছি, যদিও আমাদের প্রথম ইনিংসে বড় রান করার কথা ছিল। যেটাই হোক প্রতিটা ব্যাটসম্যানকে কৃতিত্ব দিতে হবে। সত্য কথা আমাদের বোলাররাও খুবই ভালো বল করেছে। লাইন লেন্থ মেনে বল করেছে।’
বাংলাদেশের দ্বাদশ অধিনায়ক হিসেবে লিটনের যাত্রা শুরু হয়েছে এই টেস্টে। প্রথম ম্যাচে এমন অভাবনীয় সাফল্য পাওয়ায় লিটনের আনন্দ দ্বিগুন হয়েছে, ‘চ্যালেঞ্জ না (অধিনায়কত্ব) । যখন আপনার হাতে ভালো মানের ব্যাটসম্যান-বোলার থাকবে, তখন কাজটা সহজ হয়ে যায়।’ কাজ সহজ হয়ে যাওয়ায় নেতৃত্ব উপভোগ করেছেন তিনি, ‘অধিনায়কত্ব খুব উপভোগ করেছি। বোলারগুলো যেভাবে আমাকে সহায়তা করেছে। বিহাইন্ড দ্য বল দেখছি যে বোলাররা বল ক্যারি করাচ্ছে। কিপিং করতেও মজা। অধিনায়ক থাকি তখন ভালো লাগে যে উইকেট পাওয়ার সুযোগ থাকে।’
রশিদ খান, মোহাম্মদ নবী, আসগর আফগানদের ছাড়া আফগানিস্তান দূর্বল দল তা মানতে চান না লিটন,‘এই জিনিসটা (২০১৯ সালের টেস্ট দল) তুলনা করা কঠিন। কারণ অবশ্যই তাদের কিছু কিছু ভালো বোলার ছিল। তারা আসেনি। আসলেও যে খুব একটা বড় তফাত হতো তাও না।’ জয়ে জন্য নিজেদের অভিজ্ঞতার বিষয়টিকেও সামনে আনলেন লিটন, ‘বিষয়টা হচ্ছে আমরা অনেক দিন ধরে টেস্ট খেলছি, তারা অনেক কম খেলে। তাদের জন্য কঠিন ছিল। অন্তত আমরা গেমের দিক থেকে এগিয়ে ছিলাম।’
ঢাকা/ইয়াসিন
নিখোঁজ পাইলটকে উদ্ধারে আসা মার্কিন বিমান ধ্বংসের দাবি ইরানের