স্কটল্যান্ডের কাছে হেরেও সুপার সিক্সে ওমান
বিশ্বকাপ বাছাইপর্বের চতুর্থ ম্যাচে রোববার রাতে স্কটল্যান্ডের কাছে ৭৬ রানে হার মেনেছে ওমান। এই ম্যাচে হারলেও শ্রীলঙ্কা ও স্কটল্যান্ডের সঙ্গে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে ওমান। মূলত আয়ারল্যান্ড ১৩৩ রানের বিশাল ব্যবধানে শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায় ওমানের সুপার সিক্স নিশ্চিত হয়।
৩ ম্যাচ থেকে ৬ পয়েন্ট করে নিয়ে বি গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে আছে শ্রীলঙ্কা ও স্কটল্যান্ড। অন্যদিকে ৪ ম্যাচের ২টিতে হেরে ও ২টিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে সুপার সিক্সে জায়গা করে নিয়েছে ওমান। আয়ারল্যান্ড তাদের শেষ ম্যাচে জিতলেও কোনো সুযোগ থাকবে না। অর্থাৎ এই গ্রুপ থেকে আরব আমিরাতের পাশাপাশি তাদের বিদায়ও নিশ্চিত হয়েছে।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে এদিন স্কটল্যান্ড আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৩২০ রান সংগ্রহ করে। আর সেটা সম্ভব হয় ব্রেন্ডন ম্যাককুলেনের মেইডেন সেঞ্চুরিতে। তিনি ১২১ বল খেলে ১৪টি চার ও ৩ ছক্কায় ১৩৬ রান করেন। এছাড়া অধিনায়ক রিচি বেরিংটন ৭ চারে ৬০ রান করেন। টমাস ম্যাককিনটোশ ৩২, ম্যাথিউ ক্রস ২৭ ও মার্ক ওয়াট ২৫ রান করেন।
বল হাতে ওমানের বিলাল খান ১০ ওভারে ২ মেডেনসহ ৫৫ রান দিয়ে ৫ উইকেট নেন। ২টি উইকেট নেন ফাইয়াজ বাট।
রান তাড়া করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৪ রানের বেশি করতে পারেনি ওমান। তাদের উইকেটরক্ষক ব্যাটসম্যান নাসিম খুশি সর্বোচ্চ ৬৯ রান করেন। এছাড়া শোয়াইব খান ৩৬, আকিব ইলিয়াস ৩১ ও আয়ান খান ৩০ রান করেন।
বল হাতে স্কটল্যান্ডের ক্রিস গ্রেভেস ১০ ওভারে ৫৩ রান দিয়ে ৫টি উইকেট নেন। ম্যাচসেরা হন সেঞ্চুরিয়ান ম্যাকমুলেন।
ঢাকা/আমিনুল