ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘চাপ নয় শুধু চিল’-বলছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ৭ জুলাই ২০২৩   আপডেট: ১৩:৪২, ৭ জুলাই ২০২৩
‘চাপ নয় শুধু চিল’-বলছেন লিটন

সিরিজের চলাকালীন হুট করে শুধু অধিনায়কত্ব নয়, আন্তর্জতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন তামিম ইকবাল। সিরিজ শুরুর ২৪ ঘণ্টার ব্যবধানে এমন অনাহুত ঘটনা দলের পরিবেশে প্রভাব ফেলার কথা। তাই দ্বিতীয় ম্যাচের আগে সাগরিকার পাড়ে বাংলাদেশ দলের অনুশীলনে পাখির চোখ ছিল সবারই। 

শুক্রবার সকালে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে এসেই সাকিব আল হাসান ও লিটন দাসকে নিয়ে উইকেট দেখতে যান চন্ডিকা হাথুরুসিংহে। শুরু থেকে ক্রিকেটাররা অনুশীলনে ছিলেন ফুরফুরে, খোশ মেজাজে। অনুশীলনের মাঝে এসে যোগ দেন নির্বাচক আব্দুর রাজ্জাক। এ সময় হাথুরু-লিটনকে দেখা যায় রাজ্জাকের সঙ্গে খুনসুঁটি করতে।

আরো পড়ুন:

এক কথায় বলা যায় সিরিজের প্রথম ম্যাচ হারের পর এবং তামিমের আচমকা অবসরের ঘটনায় ক্রিকেটাররদের শরীরি ভাষায় কোনো প্রভাব পড়েনি। অনুশীলনের পুরোটা সময় তারা ছিলেন চনমনে, ফুরফুরে। তাইতো ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক লিটন দাস জানিয়েছেন, কোন চাপ নেই, শুধু চিল।

দলের সেরা ওপেনার নেই, আপনি এখন ক্যাপ্টেন, একটু চাপ হয়ে যাচ্ছে কী না আপনার জন্য? এমন প্রশ্নে লিটন বেশি শব্দ খরচ করেননি। বলেন,   ‘না, ভাই চিল (আছি)’।

লিটন এটুকুতে বুঝিয়ে দিয়েছেন দলের পরিবেশ এবং অবস্থান।

লিটনের সংবাদ সম্মেলনে খেলা ছাপিয়ে তামিম প্রসঙ্গটা আসবে এটাই স্বাভাবিক ছিল। কিন্তু চতুর লিটন সংবাদমাধ্যমের চাপ বেশ ভালোভাবেই সামলেছেন। তামিম নিয়ে বেশি যখন প্রশ্নের বাণ ছুটছিল লিটন এক পর্যায়ে বলে ওঠেন, ‘ভাই প্রেস কনফারেন্সটা কি আগামীকালকের কোন কিছু নিয়ে হচ্ছে। যদি না হয় তাহলে লিটন দাস এখানে না থাকাই ভাল। বোর্ড প্রেসিডেন্টকে আবার ডাক দেন বা কোচকে ডাক দেন তখন এই প্রশ্ন কইরেন। আমি আগামীকালের ম্যাচ নিয়ে কথা বলতে আসছি।’

তবে একেবারে প্রতিক্রিয়া যে দেননি তা কিন্তু না। লিটন জানেন কতটুক বলতে হবে এবং কী বলতে হবে। শেষ পর্যন্ত তাই বলেছেন। তামিমের সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন তার উপর। এক কথায় বলে দিয়েছেন তিনি সেই সিদ্ধান্তকে শ্রদ্ধা করেন। মিস করার প্রসঙ্গ আসলে লিটন বুঝিয়ে দিয়েছেন খেলা না খেলা এটা স্বাভাবিক প্রক্রিয়া।

‘দেখেন বড় ভাইকে মিস করার ব্যাপারটা আসলে এমন ঘটনা একটা দলে হবেই। আমি যখন অবসর নিব আমার পরে নতুন কেউ আসবে। এমনটা হতেই থাকবে। এটা নিয়ে পড়ে থাকার কিছু নেই। উনি থাকলে ভালো হতো, নাও হতে পারত। কিন্তু এখন যেহেতু উনি নেই এই ব্যাপারটি নিয়ে কথা না বলাই ভাল। বড় ভাই (তামিম) কিন্তু বলে গেছেন টিম আগে। এখন আমরা একটু সিরিজে নজর দিই। যেটা চলে গেছে তা নিয়ে কথা বলে এখন লাভ নেই। আমরা এমনিতেই এক ম্যাচ পিছিয়ে আছি।’

সিরিজের প্রথম ম্যাচে হেরে পিছিয়ে আছে বাংলাদেশ। আগামীকাল সাগরিকার পাড়ে স্বাগতিকদের সিরিজ বাঁচানোর লড়াই। লিটন সেটা নিয়েই থাকতে চান। শেষে জানিয়েছে, নেতা তামিমের মতো তিন দলকে আগলে রাখতে চান।

‘এখানে সব ক্রিকেটাররা ভাল টিম মেট। একসঙ্গে খেলছি। ভাইয়ের (তামিম) কাছ থেকে নেয়া বা না নেয়ার কিছু নেই। উনি যেভাবে দলকে সামলে রাখতেন, ক্রিকেটারদের সামলে রাখতেন সেটা আমি ধরে রাখার চেষ্টা করবো। আমি টিম বন্ডিংটা চাই যেন টিকে থাকে।’

রিয়াদ/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়