গলের জয়ে আবারো উজ্জ্বল সাকিব
প্রথমে ব্যাট হাতে রান। পরে বল হাতে উইকেট। প্রথমবার শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে গিয়ে ধারাবাহিক দু্যতি ছড়াচ্ছেন বাংলাদেশের সুপারস্টার সাকিব আল হাসান।
গল টাইটান্সের প্রথম জয়ে অলরাউন্ড অবদান রাখার পর এবার দ্বিতীয় ম্যাচে সাকিবকে চেনা ফর্মে দেখা গেল। ব্যাটিংয়ে চাপের মুখে দায়িত্বশীল ইনিংস খেলার পর কিপটে বোলিংয়ে রানের চাকা থামিয়ে রেখেছিলেন বাঁহাতি স্পিনার। তাতে জিতেছে তার দল গল। ব্যাট হাতে ২১ বলে ৩০ রান করার পর রান আউট হন সাকিব। পরবর্তীতে বল হাতে ৩ ওভারে ১০ রানের খরচে নেন ২ উইকেট।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আগে ব্যাটিং করে গল টাইটান্স নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮০ রান করে। জবাবে ব্যাটিং ধসে পড়া বি-লাভ ক্যান্ডি থামে ১৭.১ ওভারে ৯৭ রানে। ৮৩ রানে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে গল।
গলের জয়ের নায়ক টিম সাইফার্ট। সাকিবের সঙ্গে ৫২ বলে ৯৫ রানের দুর্দান্ত এক জুটি গড়ার পথে ঝড় তোলেন সাইফার্ট। ৩৯ বলে ৫টি করে চার ও ছক্কায় ১৮৯.৭৪ স্ট্রাইক রেটে কিউই ব্যাটসম্যান করেন ৭৪ রান। রান আউটে ফেরার আগে ২ ছক্কায় সাকিব করেন ২১ বলে ৩০ রান। টস জিতে আগে ব্যাট করতে নেমে ৯.২ ওভারে ৬০ রান তুলতে গল হারায় ৩ উইকেট। চতুর্থ উইকেট জুটিতে সাইফার্ট ও সাকিব দলকে ম্যাচে ফেরান। শেষ পর্যন্ত গল থামে ১৮০ রানে।
লক্ষ্য তাড়ায় ৫ ওভারেই ৪ উইকেট হারায় ক্যান্ডি। স্কোরবোর্ডে তখন রান কেবল ২৬। সাকিব বোলিংয়ে আসেন নবম ওভারে। বৈধ প্রথম বলেই পেয়ে যান সাফল্য। আসিফ আলীকে ক্রিজ ছেড়ে বের হতে দেখে লেংথ কিছুটা টেনে দেন সাকিব। টাইমিংয়ে গড়বড় করে আসিফ ক্যাচ দেন লং অফে। প্রথম ওভারে ২ রান দিয়ে তার পকেটে যায় ১ উইকেট।
দ্বিতীয় ওভারও ছিল আঁটসাাঁট। তৃতীয় ওভার করতে এসে দ্বিতীয় সাফল্য পান সাকিব। বোল্ড হন জামাল। ওই ওভারেও সাকিবের খরচ ৪ রান। সব মিলিয়ে তার বোলিং স্পেল ছিল এরকম ৩-০-১০-২। ১৮ বলে ১০টিই ডট করেছিলেন বাঁহাতি স্পিনার।
ঢাকা/ইয়াসিন